বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

ভারত থেকে ফিরে যুবদল কর্মীর বাড়িতে আশ্রয়ে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা, দেড় মাস পর কুমিল্লায় গ্রেপ্তার

পুলিশ জানিয়েছে, ডিবির অভিযানে গ্রেপ্তার মোশাররফ হোসেন কুমিল্লা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক; আশ্রয়দাতা যুবদল কর্মীকে বহিষ্কার করা হয়েছে।

ভারত থেকে দেশে ফিরে এক যুবদল কর্মীর বাড়িতে আশ্রয় নেওয়া নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে প্রায় দেড় মাস পর গ্রেপ্তার করেছে কুমিল্লা জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেপ্তার মোশাররফ হোসেন নিষিদ্ধ ছাত্রলীগের কুমিল্লা মহানগর কমিটির সাধারণ সম্পাদক।

পুলিশ সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের কিছুদিনের মধ্যে অবৈধ পথে কুমিল্লার সীমান্ত দিয়ে ভারতে চলে যান মোশাররফ হোসেন। সেখানে দীর্ঘ সময় আত্মগোপনে ছিলেন তিনি। প্রায় দেড় মাস আগে দেশে ফিরে গোপনে সাংগঠনিক তৎপরতা শুরু করেন বলে পুলিশ সূত্রের ভাষ্য। মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে অভিযান চালিয়ে ডিবির একটি দল তাঁকে যুবদল কর্মী আজহারুল ইসলামের বাড়ি থেকে গ্রেপ্তার করে। ডিবির একটি সূত্র প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে জানায়, ফেরার পর থেকেই তিনি ওই বাড়িতে আশ্রয়ে ছিলেন।

জেলা পুলিশের তথ্য অনুযায়ী, মোশাররফ হোসেন কুমিল্লা মহানগরের ২১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আশরাফপুর এলাকার বাসিন্দা।

আজহারুল ইসলাম নিজেকে বারপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে পরিচয় দিতেন। তবে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল সূত্রে জানা গেছে, তিনি সংগঠনের কর্মী মাত্র, তাঁর কোনো সাংগঠনিক পদ নেই। কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্যসচিব ফরিদ উদ্দিন বলেন, নিষিদ্ধ সংগঠনের নেতাকে আশ্রয় দেওয়ার বিষয়টি জানার পর আজহারুলকে বহিষ্কার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। একই সঙ্গে আজহারুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়।

যুবদল কর্মীর বাড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের একজন শীর্ষ নেতার দীর্ঘদিন অবস্থানের বিষয়টি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।