রাজশাহীতে বিভাগীয় সোতোকান কারাতে ব্ল্যাক বেল্ট পরীক্ষা ও প্রশিক্ষণ ক্যাম্প-২০২৬-এর সমাপনী অনুষ্ঠান হয়েছে। এতে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া ও সিরাজগঞ্জ জেলার ১৩৫ জন প্রতিযোগী অংশ নেন।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে নগরীর বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়ামে বাংলাদেশ কারাতে ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং রাজশাহী বিভাগীয় কারাতে উপ-রেফারি কমিশনের আয়োজনে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কারাতে শুধু আত্মরক্ষার কৌশল নয়; এটি আত্মনিয়ন্ত্রণ, শৃঙ্খলা ও আত্মবিশ্বাসের শিক্ষাও দেয়। তরুণ প্রজন্মকে সুস্থ, সাহসী ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে কারাতে চর্চার প্রসার ঘটাতে হবে বলে মত দেন তিনি। রাজশাহীর ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে সিটি করপোরেশনের উদ্যোগে আগামীতে ‘প্রশাসক কাপ কারাতে টুর্নামেন্ট’ আয়োজন করা হবে বলেও জানান প্রশাসক।
প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর প্রসঙ্গ তুলে তিনি বলেন, এর মাধ্যমে নতুন ক্রীড়া প্রতিভা উঠে আসবে। ক্রীড়াকে পেশা হিসেবে বেছে নিতে খেলোয়াড়দের ভাতা দিয়ে উৎসাহিত করা হচ্ছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া ও মোনাজাত করা হয়। রাজশাহীর ক্রীড়াঙ্গনে অবদান রাখা প্রয়াত ক্রীড়াবিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। শুরুতে প্রশাসক খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন এবং পরে প্রশিক্ষণ ও বেল্ট পরীক্ষায় অংশ নেওয়াদের হাতে সনদ তুলে দেন। প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে কারাতে প্রদর্শনীও অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কারাতে উপ-রেফারি কমিশনের আহ্বায়ক মো. সাজ্জাদ হুসাইন।