বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

শাকিলের জানাজায় এমপি আব্দুল আজিজের বক্তব্যের সময় ‘ভুয়া ভুয়া’ স্লোগান, পরে চাঁচকৈড়ে শপিং মলে ভাঙচুর-লুটপাটের খবর

নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল ইসলামের জানাজার আগে সংসদ সদস্যের বক্তব্যকে ঘিরে উত্তেজনা তৈরি হয়; জানাজা শেষে একটি শপিং মলে ভাঙচুর ও লুটপাট হয়েছে বলে জানা গেছে।

নাটোরের গুরুদাসপুরে নিহত পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলামের জানাজার আগে স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজের বক্তব্যকে কেন্দ্র করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন উপস্থিত মুসল্লিরা। এ সময় জানাজার মাঠে উত্তেজনা সৃষ্টি হয়। জানাজা শেষে চাঁচকৈড় বাজারে একটি শপিং মলে ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজ মাঠে এ ঘটনা ঘটে। জানাজার আগে বক্তব্য দিতে গিয়ে আব্দুল আজিজ বলেন, ‘প্রিয় ভাইয়েরা আমার, আমার একটা কথা শুনতে হবে দাদারা।’ বলার সঙ্গে সঙ্গেই উপস্থিত নেতাকর্মী ও মুসল্লিরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি উত্তপ্ত দেখে তিনি বক্তব্য বন্ধ করেন।

পরে জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বক্তব্য দেন। এরপর শাকিলের পরিবারকে নিজের পক্ষ থেকে ২০ লাখ টাকা দেওয়ার ঘোষণা দেন এমপি আব্দুল আজিজ। এতে ফের উত্তেজনা সৃষ্টি হলে হুইপ দুলু মাইক হাতে নিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

জানাজা শেষে বিএনপির নেতাকর্মী ও স্থানীয় লোকজনের মধ্যে ক্ষোভ তৈরি হয়। পরে চাঁচকৈড় বাজারের সুপারিহাট সড়কে আমেরিকাপ্রবাসী রাসেল নামে একজনের ‘রাশ আরবান’ নামের মেগা শপিং মলে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে বলে জানা গেছে। এ ঘটনায় কারা জড়িত বা কেউ আটক হয়েছেন কি না, তা এখনো জানা যায়নি।

এর আগে গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল ইসলামের হত্যা মামলায় সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে তিন দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। এ ঘটনায় মিন্টুকে গোয়েন্দা পুলিশ প্রথমে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল।