বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

কর্মী পাঠানোর সিন্ডিকেটের কারণে কয়েকটি দেশ শ্রমিক নেওয়া প্রায় বন্ধ করেছিল: সংসদে প্রধানমন্ত্রী

প্রশ্নোত্তর পর্বে তারেক রহমান জানান, মালয়েশিয়ায় প্রায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর সুযোগ তৈরি হয়েছে এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ নতুন করে কর্মী নিতে আগ্রহ দেখিয়েছে।

বিদেশে কর্মী পাঠানোর নামে প্রতারণা ও অর্থ আত্মসাৎ করা সিন্ডিকেটগুলোকে চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা করছে সরকার। সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কথা জানিয়েছেন।

বুধবার বিকেলে সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য কামরুল হাসানের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

প্রধানমন্ত্রী বলেন, অতীতে পলাতক আওয়ামী লীগ সরকারের সময়ে বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেটের দৌরাত্ম্য এমন পর্যায়ে পৌঁছেছিল যে কয়েকটি দেশ বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া প্রায় বন্ধ বা স্থগিত করে দিয়েছিল।

তিনি বলেন, বাংলাদেশ থেকে বহু শ্রমিক মালয়েশিয়ায় গেছেন। কয়েক দিন আগে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী জানিয়েছেন, মালয়েশিয়ার সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী আরও জানান, সামান্য কিছু খরচ ছাড়া প্রায় বিনা খরচে ১০ হাজার মানুষকে মালয়েশিয়ায় পাঠাতে পারবে সরকার। এই ১০ হাজারের মধ্যে গত স্বৈরাচারী শাসনামলে গুম-খুনের শিকার এবং ২০২৪ সালের আন্দোলনে শহীদ বা হতাহত ব্যক্তিদের পরিবারের প্রায় এক হাজার সদস্যকে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

মধ্যপ্রাচ্যের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বেশ কয়েকটি দেশের সঙ্গে সরকারের আলোচনা চলছে। কয়েকটি দেশ জানিয়েছে, তারা নতুন করে বাংলাদেশ থেকে গাড়িচালকসহ বিভিন্ন খাতে কর্মী নেবে। বিদেশে কর্মী পাঠানোর নামে যাঁরা সিন্ডিকেটের মাধ্যমে মানুষের সঙ্গে প্রতারণা করে অর্থ আত্মসাৎ করছেন, তাঁদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলেও জানান তিনি।