দেশে মাদক প্রবেশের জন্য ২১ জেলার ১০৬টি স্থলসীমান্ত রুটকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভারত ও মিয়ানমার সীমান্তের এসব পথ দিয়ে ইয়াবা, ক্রিস্টাল মেথ (আইস), ফেনসিডিল, হেরোইন ও গাঁজাসহ বিভিন্ন মাদক আসছে বলে সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে। সুন্দরবনের নদীপথ ও বঙ্গোপসাগরও মাদক পাচারকারীরা ব্যবহার করছে।
বিজিবি ও কোস্টগার্ডের পৃথক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। গত ১৫ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে প্রতিবেদন দুটি উপস্থাপন করা হয়। একই বৈঠকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরও একটি প্রতিবেদন দেয়। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার বর্ডার ফেন্সিং নির্মাণ ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
বিজিবির প্রতিবেদন অনুযায়ী, কক্সবাজার ও বান্দরবানের ২৫টি রুট দিয়ে প্রধানত ইয়াবা, আইস ও আফিম আসে। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের ৩৯টি স্থান দিয়ে ফেনসিডিল, গাঁজা, মদ, বিয়ার ও নেশাজাতীয় সিরাপ ঢোকে। যশোর, সাতক্ষীরা, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ার ২২টি সীমান্ত রুট দিয়ে প্রধানত ফেনসিডিল, হেরোইন, গাঁজা ও মদ আসে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, দিনাজপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার ২০টি এলাকা দিয়ে হেরোইন, গাঁজা, ফেনসিডিল ও নেশাজাতীয় ট্যাবলেট প্রবেশ করে।
বিজিবির তথ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত সংস্থাটি ২ কোটি ৪১ লাখের বেশি ইয়াবা বড়ি, ৩২ কেজি আইস, ২৫ হাজার ৩৩০ বোতল ফেনসিডিল ও ৬৪ হাজার ৫৫১ বোতল বিদেশি মদ জব্দ করেছে। এ সময়ে ১ হাজার ৩৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
কোস্টগার্ডের প্রতিবেদনে বলা হয়েছে, টেকনাফ, নাফ নদী, শাহপরীর দ্বীপ ও সেন্ট মার্টিনসংলগ্ন জলসীমা দিয়ে ইয়াবা ও আইস প্রবেশ করে। দক্ষিণ-পূর্ব সীমান্তের স্থানীয় জেলেদের একটি অংশ মাছ ধরার নৌযানে সিমেন্ট, সার ও খাদ্যসামগ্রী মিয়ানমারে নিয়ে যায়; ফেরার সময় ইয়াবা ও আইস নিয়ে আসে। সাতক্ষীরার কৈখালী ও সুন্দরবনের অভ্যন্তরীণ নদীপথ দিয়েও ফেনসিডিল ও গাঁজা ঢোকার তথ্য পেয়েছে সংস্থাটি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সীমান্ত দিয়ে হেরোইনের বেশির ভাগ আসে। তিন সংস্থাই সীমান্তে নজরদারি বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে। সংসদীয় কমিটি মাদক নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে।