শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

প্রাথমিকে শিক্ষক নিয়োগের রিট শুনানিতে অনিয়ম: সাবেক বিচারপতি নাইমা হায়দারকে ব্যাখ্যা দিতে বলল আপিল বিভাগ

প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ ৩১ জানুয়ারির মধ্যে ব্যাখ্যা জমা দিতে বলেছে; দুই আইনজীবী আপাতত পেশা পরিচালনা থেকে বিরত থাকবেন।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগসংক্রান্ত রিট শুনানি ও নিষ্পত্তির প্রক্রিয়া নিয়ে ওঠা প্রশ্নের ব্যাখ্যা দিতে হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি নাইমা হায়দারকে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আগামী ৩১ জানুয়ারির মধ্যে তাঁকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে। একই সঙ্গে দুজন আইনজীবীকে আপাতত আইন পেশা পরিচালনা থেকে বিরত রাখা হয়েছে। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ বৃহস্পতিবার এ আদেশ দেন।

নাইমা হায়দার গত ৫ ফেব্রুয়ারি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে প্রাথমিক তদন্ত পর্যায়ে ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে পদত্যাগ করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে ৬০ শতাংশ নারী কোটা যথাযথভাবে অনুসরণ না করার অভিযোগ তুলে ২০২০ সালে চাকরিপ্রত্যাশীরা রিট করেন। তৎকালীন বিচারপতি নাইমা হায়দারের নেতৃত্বাধীন হাইকোর্টের বেঞ্চ ২০২৩ সালের ৯ আগস্ট রায় দেন। এর বিরুদ্ধে সরকারপক্ষ আপিল করে। শিক্ষক নিয়োগসংক্রান্ত আরও কয়েকটি রিটেও পরে রায় হয় এবং সেসব ক্ষেত্রে পৃথক লিভ টু আপিল করা হয়।

আপিল শুনানির সময় সরকারপক্ষ রিট শুনানিতে কিছু অনিয়ম ও অসংগতির বিষয় আদালতের নজরে আনে। নথিপত্র তলব করে ১৯টি রিটের নথি পর্যালোচনার পর আদালত গুরুতর কিছু অসংগতি দেখতে পান। এরপর সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয় এবং কমিটি আপিল বিভাগে প্রতিবেদন দেয়। বৃহস্পতিবারের আদেশে বলা হয়, ১৯টি রিটের মধ্যে ৯টিতে গুরুতর অসংগতি ও অনিয়ম শনাক্ত হয়েছে। এসব মামলায় শুনানি করেছিলেন আইনজীবী মোহাম্মদ সিদ্দিক উল্লাহ মিয়া ও মো. কামাল হোসেন।

আদেশে আপিল বিভাগ বলেছেন, সংশ্লিষ্ট বেঞ্চ যেভাবে পক্ষ যুক্ত করার আবেদন গ্রহণ ও মঞ্জুর করেছেন, যার মাধ্যমে একাধিক আবেদনকারীকে সহ-রিট আবেদনকারী করা হয়, তা তাঁদের কাছে ‘অত্যন্ত অস্বাভাবিক’ মনে হয়েছে। উদাহরণ হিসেবে ২০২৩ সালের একটি রিটের (নম্বর ১৫৯১৫) কথা বলা হয়েছে, যার শুনানি ২০২৪ সালের ২৮ এপ্রিল শেষ হয়। শুনানি শেষ হওয়ার পর ৩০ এপ্রিলের আদেশে আরও ৫৭৪ জনকে সহ-রিট আবেদনকারী হিসেবে যুক্ত করার অনুমতি দেওয়া হয় এবং ৬ মে রায় ঘোষণা করা হয়। নথিতে দেখা যায়, নতুন যুক্ত হওয়া আবেদনকারীদের নাম মামলার শিরোনামে অন্তর্ভুক্ত করা হয়নি, অথচ বিধি অনুযায়ী তা করার কথা। আদেশে সংশ্লিষ্ট বেঞ্চের শুনানি পরিচালনা ও রুল নিষ্পত্তির পদ্ধতিকে ‘দুঃখজনক ও অনভিপ্রেত’ বলা হয়েছে এবং পরবর্তী আরও কয়েকটি মামলায় একই ধরনের ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে।

দুই আইনজীবীর বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে বাংলাদেশ বার কাউন্সিলকে বলেছেন আপিল বিভাগ। এ বিষয়ে ৩১ জানুয়ারির মধ্যে রেজিস্ট্রার জেনারেলের কাছে প্রতিবেদন দিতে হবে। তত দিন তাঁরা আপিল ও হাইকোর্ট বিভাগে আইন পেশা পরিচালনা করতে পারবেন না। পরবর্তী আদেশের জন্য বিষয়টি ৪ ফেব্রুয়ারি কার্যতালিকায় আসবে। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আনীক আর হক। এখনো সংশ্লিষ্টদের বিরুদ্ধে কোনো অভিযোগ চূড়ান্তভাবে প্রমাণিত হয়নি।