শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬

মরিশাসে কর্মস্থলে কাচের প্যানেলভর্তি বাক্স পড়ে তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

দ্বীপরাষ্ট্র মরিশাসের প্লেইন-দে-পাপায়েস এলাকায় কন্টেইনার থেকে মালামাল নামানোর সময় দুর্ঘটনায় তিন বাংলাদেশির প্রাণহানি হয়েছে।

আফ্রিকার দ্বীপরাষ্ট্র মরিশাসে কর্মস্থলে দুর্ঘটনায় তিনজন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। দেশটির প্লেইন-দে-পাপায়েস এলাকার মসজিদ রোডে কনটেইনার সংরক্ষণের একটি স্থানে গত বুধবার সন্ধ্যার শুরুতে এ ঘটনা ঘটে।

নিহত তিনজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাঁরা হলেন ৩৬ বছর বয়সী মোহাম্মদ মিরাজ হোসেন, ৩৭ বছর বয়সী হোসাইন মোহাম্মদ বেলাল এবং ২৫ বছর বয়সী সিকদার জুবায়েদ ইসলাম। তিনজনই এলাকার একটি অ্যালুমিনিয়াম প্রস্তুতকারী প্রতিষ্ঠানে কাজ করতেন।

মরিশাসের স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, স্থানীয় সময় বিকেল ৫টা ৫৫ মিনিটের দিকে শ্রমিকেরা একটি কনটেইনার থেকে কাচের প্যানেলভর্তি কাঠের বাক্স নামানোর কাজ করছিলেন। হঠাৎ বাক্সগুলো তাঁদের ওপর পড়ে যায় এবং চাপা পড়ে তিনজনের মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কাঠের বাক্সের নিচে আটকে পড়া মরদেহ উদ্ধার করেন।

দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ার কথা ছিল মরিশাসের শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তাদের। তাঁরা দেখবেন, কর্মক্ষেত্রে নিরাপত্তাবিধি যথাযথভাবে অনুসরণ করা হয়েছিল কি না এবং শ্রমিকদের প্রয়োজনীয় ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী সরবরাহ করা হয়েছিল কি না।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিহত শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে নিয়োগকর্তাকে। এ ছাড়া পরিবারের ইচ্ছা অনুযায়ী মরদেহ বাংলাদেশে পাঠানোর সব ব্যয়ও প্রতিষ্ঠানটিকে বহন করতে হবে।