সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে চারজন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর বিভাগে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১৫৭ জনে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৪৭ জন।
শনিবার (২১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো. মাহবুবুল আলম এ তথ্য নিশ্চিত করেন।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, নতুন শনাক্ত চারজনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে দুজন, হবিগঞ্জ সদর হাসপাতালে একজন এবং সুনামগঞ্জ সদর হাসপাতালে একজন চিকিৎসাধীন। হাসপাতালে ভর্তি ৪৭ জনের মধ্যে ওসমানী মেডিক্যালে ১৬ জন এবং জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ১০ জন রয়েছেন। নর্থ ইস্ট মেডিক্যালে চারজন, হবিগঞ্জ সদর হাসপাতালে দুজন এবং লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন ভর্তি আছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ নভেম্বর পর্যন্ত বিভাগে শনাক্ত ১ হাজার ১৫৭ জনের মধ্যে হবিগঞ্জে ৪৫৪, সুনামগঞ্জে ২৬৪, সিলেটে ৩০৮ ও মৌলভীবাজারে ৯৭ জন। এ ছাড়া অন্য জেলা থেকে এসে সিলেট বিভাগে চিকিৎসা নিতে গিয়ে আরও ৩৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।
এ বছর সিলেট বিভাগে ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু হয়েছে। আগের ২৪ ঘণ্টায় বিভাগে কারও মৃত্যু না হলেও ১৭ জন রোগী শনাক্ত হয়েছিলেন।