কুষ্টিয়ায় গড়াই নদীর বালুমহাল নিয়ে বিরোধের জেরে জামায়াতে ইসলামীর এক নেতার বাড়ি, অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জামায়াত নেতা মো. শাহজাহান আলীসহ আটজন আহত হয়েছেন। গতকাল বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের জুগিয়া ভাটাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত শাহজাহান কুষ্টিয়া শহর জামায়াতের ইউনিট সদস্য এবং ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী। অন্য আহতরা হলেন ঠান্ডু (৩৪), ইউনুস (৬০), রফিকুল (৪৫), শরিফুল (৪৫), নজরুল (৫৬) ও লাল মিয়া (৫৪); আরও একজনের পরিচয় জানা যায়নি। তাঁদের কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শাহজাহান আলীর দাবি, গড়াই নদীর বালুমহাল থেকে বালু তোলা ও পরিবহনের কারণে এলাকার রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এ নিয়ে সম্প্রতি কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা বালু তোলা বন্ধের নির্দেশ দেন। পরে স্থানীয়রা ট্রাক চলাচলে বাধা সৃষ্টি করেন। তাঁর অভিযোগ, এর জেরেই দেড় থেকে দুই শতাধিক লোকের একটি দল তাঁর বাড়ি, অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও গুলিবর্ষণ করে; এতে জামায়াতের আট-নয়জন নেতাকর্মী আহত হন।
তবে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের দাবি ভিন্ন। তাঁদের অভিযোগ, বালুমহাল থেকে শাহজাহান আলী টাকা নিতেন; সম্প্রতি টাকা চাওয়া হলে ঘাট পরিচালনাকারীরা দিতে অস্বীকার করেন, এরপর ট্রাক চলাচলে বাধা সৃষ্টি করা হয় এবং এ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ বাধে। হামলার অভিযোগও সাজানো বলে দাবি করেছেন তাঁরা। যদিও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, বিএনপির নেতাকর্মীরা ভাঙচুর ও গুলিবর্ষণের সঙ্গে জড়িত।
পুলিশ ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তলের পাঁচ রাউন্ড গুলি ও সাতটি গুলির খোসা উদ্ধার করেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। কুষ্টিয়া মডেল থানার ওসি জাকির হোসেন জানান, জামায়াতের আট-নয়জন আহত হয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং কারা জড়িত তা শনাক্তে তদন্ত চলছে। জামায়াতের পক্ষ থেকে ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও নিরপেক্ষ তদন্ত দাবি করা হয়েছে।