বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

সীমান্তবর্তী ৩০ জেলার পুলিশকে বিশেষ সতর্কতার নির্দেশ, বিএনপি-জামায়াত-এনসিপির কয়েকজন নেতার ওপর চোরাগোপ্তা হামলার আশঙ্কা

পুলিশ সদর দপ্তর-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গ্রেপ্তারদের মুঠোফোন বিশ্লেষণ ও জিজ্ঞাসাবাদে চোরাগোপ্তা হামলার পরিকল্পনার তথ্য মিলেছে; ২৯ ও ৩০ নভেম্বরের ‘লকডাউন’ কর্মসূচি ঘিরেও প্রস্তুতি চলছে।

চোরাগোপ্তা হামলার আশঙ্কায় সীমান্তবর্তী ৩০ জেলার পুলিশকে বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর। সংশ্লিষ্ট সূত্র বলছে, হামলার সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারেন এমন ব্যক্তিদের মধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির কয়েকজন নেতা রয়েছেন; তাঁদের সতর্ক করা হয়েছে।

পুলিশ আশঙ্কা করছে, নাশকতার জন্য সীমান্ত দিয়ে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য দেশে আনা হতে পারে এবং ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতা-কর্মীদের কেউ কেউ দেশে ঢুকে নাশকতায় অংশ নিতে পারেন। এ পরিস্থিতিতে সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে সমন্বয় করে নজরদারি, টহল ও তল্লাশি বাড়ানো এবং গোয়েন্দা তথ্য সংগ্রহে গুরুত্ব দিতে বলা হয়েছে। দেশের অভ্যন্তরে গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদার এবং পরিস্থিতি বিবেচনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল সূত্রগুলোর বক্তব্য, যেকোনো নাশকতা প্রতিরোধে সরকারের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। মাঠপর্যায়ে পুলিশের বাড়তি সতর্কতার পাশাপাশি ঢাকাসহ দেশের আট জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। পুলিশ সদর দপ্তর-সংশ্লিষ্ট সূত্র জানায়, গত দুই মাসে নাশকতার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের কারও কারও মুঠোফোনের কথোপকথন ও বার্তা বিশ্লেষণ এবং জিজ্ঞাসাবাদ করে চোরাগোপ্তা হামলা ও নাশকতার পরিকল্পনার তথ্য পাওয়া গেছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ১৯ নভেম্বর অনলাইনে ‘লকডাউন’ কর্মসূচির ঘোষণা দিয়েছিল। বাস্তবে মাঠে তেমন কর্মসূচি না দেখা গেলেও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। গোপালগঞ্জে দুটি থানা ও বিএনপির দুজন সংসদ সদস্যের বাড়িতে হামলা ও আগুনের ঘটনাও ঘটে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গোপালগঞ্জের ঘটনার বাইরে ৭ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ১৩ দিনে বিভিন্ন স্থানে ৮৩টি পরিবহনে আগুন দেওয়া হয়েছে এবং ৮৭টি স্থানে চোরাগোপ্তা ককটেল নিক্ষেপ করা হয়েছে।

এখন নতুন করে ২৯ ও ৩০ নভেম্বর লকডাউন কর্মসূচির কথা অনলাইনে প্রচার করা হচ্ছে। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরবেন বলে তাঁর মুখপাত্রের বরাতে একটি আন্তর্জাতিক বার্তা সংস্থার খবর প্রকাশিত হয়েছে। আওয়ামী লীগের নতুন কর্মসূচি ও এই ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বর পর্যন্ত নাশকতার ঘটনা চলতে পারে বলে আশঙ্কা করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা; সেভাবেই প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে।