ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে রোববার সন্ধ্যার পর আট থেকে নয়টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকার ঘটনায় জড়িত সন্দেহে শিক্ষার্থী ও উপস্থিত লোকজন তিনজনকে আটক করে শাহবাগ থানায় নিয়ে গেছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ইসরাফিল রতন বলেন, সংঘবদ্ধভাবে আট থেকে নয়টি ককটেল ফোটানো হয়েছে। টিএসসি, নীলক্ষেত, নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের গেট এবং বাংলাদেশ কুয়েত–মৈত্রী হল ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের মাঝখানের সড়কে বিস্ফোরণ হয়েছে। সন্ধ্যা সোয়া ছয়টা থেকে পৌনে সাতটার মধ্যে এসব ককটেল বিস্ফোরিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় টিএসসি এলাকায় কয়েকটি ককটেল ফাটিয়ে দুজন পালানোর চেষ্টা করছিলেন। মেট্রোরেলসংলগ্ন এলাকা দিয়ে পালানোর সময় তাঁদের আটক করা হয়। এ সময় উপস্থিত লোকজন তাঁদের মারধর করেন। পরে আরও একজনকে জড়িত সন্দেহে আটক করা হয়।
আটক তিনজনের বয়স ৩৩ থেকে ৪২ বছর। তাঁদের একজনের বাড়ি নাটোরে, একজনের রাজশাহীতে এবং একজনের গোপালগঞ্জে বলে জানা গেছে। কারা কেন এসব ককটেল ফাটিয়েছেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি। রাজধানীতে গত কয়েক দিনে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।