বগুড়ার শেরপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে ধাক্কা খেলে গোলাম রব্বানী নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। গত শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা-বগুড়া মহাসড়কের ছোনকা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোলাম রব্বানী কাজের প্রয়োজনে ঢাকা থেকে ঠাকুরগাঁও গিয়েছিলেন। কাজ শেষে শেরপুর হয়ে ঢাকায় কর্মস্থলে ফেরার পথে সন্ধ্যা ৭টার দিকে ছোনকা এলাকায় পৌঁছালে তাঁর প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝের আইল্যান্ডে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনাস্থল থেকে পাওয়া তাঁর আইডি কার্ড থেকে জানা যায়, তিনি বাংলাদেশ পুলিশের সদস্য। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, ‘দুর্ঘটনাস্থল থেকে পুলিশ সদস্যের আইডি কার্ড পাওয়া গেছে। তাঁর নাম গোলাম রব্বানী বলে নিশ্চিত হওয়া গেছে।’