রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

গাজায় ইসরাইলি হামলায় মৃতের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে

নারী ও শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, মানবিক সহায়তার জন্য দাঁড়িয়ে থাকা মানুষও রেহাই পাচ্ছে না

গাজায় ইসরাইলি হামলায় মৃতের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে

ইসরাইলি বাহিনীর টানা ৯ মাসের হামলায় গাজায় নিহতের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে। একদিনেই প্রাণ হারিয়েছেন আরও ১১৩ জন। আহত হয়েছেন শত শত মানুষ।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর টানা হামলায় নিহতের সংখ্যা ভয়াবহ মাত্রা অতিক্রম করেছে। মঙ্গলবার (২৯ জুলাই) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর আক্রমণে ১১৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ৬৩৭ জন আহত হয়েছেন।

২০২৩ সালের অক্টোবরে ইসরাইলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত গাজায় নিহত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৬০ হাজার ৩৪ জনে। আহত হয়েছেন এক লাখ ৪৫ হাজার ৮৭০ জনেরও বেশি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, নিহতদের মধ্যে প্রায় ৪৭ শতাংশই নারী ও শিশু। এখন পর্যন্ত ৯ হাজার ৭৮২ জন নারী এবং ১৮ হাজার ৫৯২ জন শিশু প্রাণ হারিয়েছেন।

অন্যদিকে, মানবিক সহায়তা সংগ্রহের সময়ও ইসরাইলি বাহিনীর হামলা থেকে রেহাই মিলছে না। গত ২৪ ঘণ্টায় ত্রাণ সংগ্রহের সময় ২২ জন ফিলিস্তিনি নিহত এবং ১৯৯ জন আহত হয়েছেন। এই নিয়ে মে মাসের শেষ দিক থেকে এ পর্যন্ত গুলিতে নিহত ত্রাণপ্রত্যাশীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৭৯ জন এবং আহত হয়েছেন ৭ হাজার ৯৫৭ জন।

এ বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন মধ্যস্থতাকারী দেশের চাপের মুখে ইসরাইল স্বল্পমেয়াদী যুদ্ধবিরতির ঘোষণা দেয়। কিন্তু দুই মাস না যেতেই, মার্চের ১৮ তারিখ ভোর থেকে আবারো ব্যাপক সামরিক অভিযান শুরু করে তারা। এই অভিযানে নতুন করে প্রাণ হারিয়েছেন অন্তত ৮ হাজার ৮৬৭ জন এবং আহত হয়েছেন ৩৩ হাজার ৮২৯ জন।

আরও উদ্বেগজনক বিষয় হলো, গত ২ মার্চ থেকে ইসরাইল গাজার ভেতরে সব ধরনের মানবিক সহায়তার প্রবেশ বন্ধ করে দিয়েছে। এর ফলে সেখানে চরম খাদ্য সংকট, ওষুধের অভাব এবং মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে।

ইতোমধ্যে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। পাশাপাশি, হেগভিত্তিক আন্তর্জাতিক বিচার আদালতে ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা চলছে।

মানবাধিকার সংস্থা ও বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি একটি সংগঠিত মানবিক বিপর্যয়ের স্পষ্ট নিদর্শন, যা বিশ্ব সম্প্রদায়ের শক্ত প্রতিক্রিয়ার দাবি রাখে।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি