খাদ্য সংকট চরমে পৌঁছালে সাহায্য নিতে গিয়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৭১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা। পাশাপাশি ক্ষুধা ও অপুষ্টিতে আরও সাতজনের মৃত্যু হয়েছে বলেও জানিয়েছে গাজার হাসপাতালগুলো।
বুধবার, গাজার জিকিম ক্রসিং পয়েন্টের দিকে সাহায্যের ট্রাকের দিকে এগিয়ে যাওয়ার সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত ৫১ জন নিহত ও ৬৪৮ জনের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে গাজা সরকারের মিডিয়া অফিস।
অন্যদিকে, দক্ষিণ গাজার খান ইউনুসের কাছে মোরাগ করিডোরে আরও ২০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে নাসের মেডিকেল কমপ্লেক্স।
মে মাসের শেষ দিকে কার্যক্রম শুরু করা মার্কিন ও ইসরায়েল সমর্থিত GHF এর পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে এখন পর্যন্ত ১,০০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। UN ও অন্যান্য মানবিক সংস্থা GHF-এর কার্যক্রম ও নিরাপত্তা ব্যবস্থার সমালোচনা করেছে।
ক্ষুধা ও দুর্ভিক্ষ পরিস্থিতি আরও খারাপ হচ্ছে:
- গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ৮৯ শিশুসহ ১৫৪ জন অপুষ্টিতে মারা গিয়েছে।
- একটি আন্তর্জাতিক ক্ষুধা পর্যবেক্ষক সংস্থা বলেছে যে গাজায় এখন দুর্ভিক্ষের বাস্তব চিত্র স্পষ্ট।
- বিশেষ করে শিশু ও বৃদ্ধরা সবচেয়ে ঝুঁকিতে রয়েছেন।
একজন গাজাবাসী মা জিহান আল-কুরআন আল জাজিরাকে বলেন, “এই দেখুন, ওর পেটে মাংস নেই – শুধু হাড়। এক মাস ধরে রুটি পর্যন্ত খাইনি।”
তিনি বলেন, “আমি স্যুপ রান্নার কেন্দ্রে গিয়েছিলাম কিন্তু কিছুই পাইনি, শুধু শুকনো পাস্তার খোলস কুড়িয়ে এনেছি।”
গাজায় পর্যাপ্ত ত্রাণ প্রবেশ করছে না:
- UNRWA-এর মুখপাত্র আদনান আবু হাসনা বলেছেন, গাজায় যে পরিমাণ ত্রাণ প্রবেশ করছে তা চাহিদার অনেক কম।
- জাতিসংঘের হিসেবে, প্রতিদিন ৫০০ থেকে ৬০০ ট্রাক প্রয়োজন, কিন্তু গত চার দিনে মাত্র ২৬৯টি ট্রাক প্রবেশ করেছে।
- এগুলোর অনেকটাই ক্ষুধার্ত জনতা লুট করে নিচ্ছে।
আল জাজিরা-র সাংবাদিক তারেক আবু আজজুম বলেন, “ত্রাণ লুট এখন আর অস্বাভাবিক নয়। দীর্ঘ সময় ধরে খাদ্য, পানি ও ওষুধ থেকে বঞ্চিত জনগণ এই পরিস্থিতিতে পৌঁছেছে।”
বৃদ্ধদের মৃত্যুর হার বাড়ছে:
- ইউরো-মেড হিউম্যান রাইটস মনিটর বলেছে, উদ্বাস্তু ক্যাম্পে খাদ্যের অভাব ও চিকিৎসা না পাওয়ায় বহু বৃদ্ধ মারা যাচ্ছেন।
- প্রতিবেদন ব্যবস্থার অভাবে অনেক মৃত্যু ‘স্বাভাবিক মৃত্যু’ বলে গণ্য হচ্ছে এবং পরিবারগুলো দ্রুত দাফন করে ফেলছে।
- হাসপাতালগুলোতে প্রতিদিন মৃত্যুর হার বেড়ে গেছে, বিশেষ করে বৃদ্ধদের মধ্যে যাদের অধিকাংশই অপুষ্টিতে চরম দুর্বল অবস্থায় পৌঁছাচ্ছেন।
সূত্র: আল জাজিরা নিউজ, ৩০ জুলাই ২০২৫