রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

রাজশাহীর বিপক্ষে ২১৫ বলে ২২০: প্রথম শ্রেণিতে চতুর্থ ডাবল সেঞ্চুরি করে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান মোসাদ্দেক

সিলেট একাডেমি গ্রাউন্ডে ময়মনসিংহ বিভাগের হয়ে ২২টি চার ও ১০টি ছক্কায় ইনিংস সাজিয়েছেন তিনি; আট মৌসুম পর প্রথম শ্রেণিতে সেঞ্চুরি পেলেন এই অলরাউন্ডার।

প্রথম শ্রেণির ক্রিকেটে চারটি ডাবল সেঞ্চুরি করা বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান এখন মোসাদ্দেক হোসেন। সিলেটের একাডেমি গ্রাউন্ডে আজ রোববার ময়মনসিংহ বিভাগের হয়ে রাজশাহী বিভাগের বিপক্ষে ২১৫ বলে ২২০ রান করেছেন তিনি। ইনিংসে ২২টি চার ও ১০টি ছক্কা মেরেছেন ৩০ বছর বয়সী এই অলরাউন্ডার।

আট মৌসুম পর প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরির দেখা পেলেন মোসাদ্দেক। আগের তিনটি ডাবল সেঞ্চুরিই তিনি পেয়েছিলেন বরিশালের হয়ে। প্রথম শ্রেণিতে এ নিয়ে তাঁর ১২টি সেঞ্চুরির চারটিই ডাবল সেঞ্চুরিতে রূপ নিল। তিনটি করে ডাবল সেঞ্চুরি নিয়ে তাঁর পরেই আছেন অলক কাপালি, তুষার ইমরান, রনি তালুকদার, লিটন দাস, মুশফিকুর রহিম, অমিত হাসান, তাওহিদ হৃদয় ও তাইবুর রহমান।

২০১৫ সালের ফেব্রুয়ারিতে তাঁর কীর্তি ছিল আরও বিরল। ক্যারিয়ারের ষষ্ঠ প্রথম শ্রেণির ম্যাচে বরিশালের হয়ে রংপুরের বিপক্ষে প্রথম সেঞ্চুরিটিকেই ২৫০ রানের ইনিংসে রূপ দেন তিনি। পরের ম্যাচেই চট্টগ্রামের বিপক্ষে করেন ২৮২ রান, মাত্র ৩০৯ বলে। এভাবে টানা দুই ইনিংসে ডাবল সেঞ্চুরি করা বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান তিনি। বাংলাদেশের হয়ে চারটি টেস্ট খেলা মোসাদ্দেক সেই সময়ে বিশ্বের বিরল তালিকায়ও নাম লিখিয়েছিলেন, যেখানে সার ডন ব্র্যাডম্যান, কুমার সাঙ্গাকারাদের নামও আছে।

মোসাদ্দেকের দল ৯ উইকেটে ৪৪০ রানে ইনিংস ঘোষণা করেছে। জবাবে ব্যাটিংয়ে নেমে দিন শেষে রাজশাহী ৩ উইকেটে ১৭৮ রান তুলেছে, যেখানে হাবিবুর রহমান ৯৩ রান করেছেন। সব দেশ মিলিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরির রেকর্ড সর্বকালের সেরা ব্যাটসম্যান সার ডন ব্র্যাডম্যানের—৩৭টি।