দেশে রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ২ হাজার ২৪৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের হালনাগাদ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ এ মৃত্যুর পর চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮৪ জনে।
নতুন মৃত্যুর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে দুজন ও দক্ষিণ সিটি করপোরেশনে একজন মারা গেছেন। সিটি করপোরেশনের বাইরের এলাকার মধ্যে ময়মনসিংহ বিভাগে দুজন এবং খুলনা ও রাজশাহী বিভাগে একজন করে মারা গেছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সারা দেশে মোট ১ লাখ ২৩ হাজার ৯৪৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে ১ লাখ ১৭ হাজার ৪০০ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।