রাজধানীর কাফরুলে পোশাকশ্রমিকদের সঙ্গে বিএনপির স্থানীয় কয়েকজন নেতা-কর্মীর পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বুধবার সকাল পৌনে ৯টার দিকে মিরপুর-১৪ নম্বরের লোড স্টার ফ্যাশন ও মিড এশিয়া ফ্যাশন কারখানা এলাকায় এ ঘটনা ঘটে বলে কাফরুল থানা-পুলিশ জানিয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ওই দুটি কারখানায় কয়েক হাজার শ্রমিক কাজ করেন। তাঁরা পাশের কয়েকটি কারখানার শ্রমিকদের কাজে বাধা দেন এবং তাঁদের কারখানা থেকে বের করে নিয়ে আসেন। এ সময় বিএনপির স্থানীয় কয়েকজন নেতা-কর্মী তাঁদের বাধা দেন। একপর্যায়ে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে নারী শ্রমিকদের লাঞ্ছিত করার অভিযোগ তোলা হয়। এই অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল ছোড়াছুড়ি শুরু হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার জাহিদুল ইসলাম বলেন, সকালে পোশাকশ্রমিকদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের ঝামেলা হয়েছিল। শ্রমিকেরা রাস্তায় নামার চেষ্টা করেছিলেন, পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এখন পরিস্থিতি স্বাভাবিক।
নারী শ্রমিকদের লাঞ্ছনার অভিযোগের বিষয়ে বিএনপির সংশ্লিষ্ট নেতা-কর্মীদের বক্তব্য এখনো পাওয়া যায়নি।