প্রায় ১৩ বছর মানসিক ভারসাম্যহীন অবস্থায় পথে পথে ঘোরার পর স্মৃতি ফিরে পেয়ে নিজ বাড়িতে ফিরেছেন রাজশাহীর পবা উপজেলার কুখন্ডি গ্রামের বেবী খাতুন। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তাঁর বয়স ৪১ বছর। বুধবার সকালে তিনি গ্রামের বাড়িতে ফেরেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মানসিক ভারসাম্য হারানোর পর তিনি একপর্যায়ে বাড়ি ছেড়ে চলে যান এবং রাজশাহী নগরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন। শেষ প্রায় দুই বছর তিনি নগরের বোয়ালিয়া থানার পূর্ব পাশের রাস্তার ধারে বসে থাকতেন। অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে তাঁকে আর সেখানে দেখা যায়নি।
বেবী খাতুনের জীবনের এই মোড়ের শুরু একটি আঘাত থেকে। জানা গেছে, এক রিকশাচালক তাঁর মাথায় ইট ছুড়ে মারলে তিনি গুরুতর আহত হন। কেউ একজন তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। চিকিৎসায় শারীরিকভাবে সুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে তাঁর স্মৃতিও ফিরে আসে। ১১ নভেম্বর হাসপাতালে তাঁকে বুঝে নেন তাঁর বোনেরা। বড় বোন জিনাহার বেগম বিষয়টি জানান।
হাসপাতালে অজ্ঞাতনামা রোগীদের দেখাশোনা করেন দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী আলিয়া আক্তার। তিনি জানান, ১৭ নভেম্বর তিনি জানতে পারেন, বোয়ালিয়া থানার পাশে বসে থাকা মানসিক ভারসাম্যহীন মেয়েটি স্মৃতি ফিরে পেয়েছেন এবং বাড়িতে ফিরে স্বাভাবিক জীবনে ফিরেছেন।
হাসপাতালের মনোরোগ বিভাগের চিকিৎসক জসীম উদ্দিন বেবী খাতুনকে চিকিৎসা দিয়েছেন। তিনি বলেন, সিনেমায় দেখা যায় আঘাত পেয়ে স্মৃতি হারানোর পর আবার আঘাত পেয়ে স্মৃতি ফিরে আসে, কিন্তু বাস্তবে তা হয় না। বেবীর ক্ষেত্রে যা ঘটেছে, তা কাকতালীয়। চিকিৎসক জানান, চিকিৎসায় বেবী সুস্থ হয়েছেন, এর সঙ্গে আঘাতের কোনো সম্পর্ক নেই। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এটিকে ‘কো-ইনসিডেন্ট’ বলা হয়। বেবী খাতুন এখন স্বাভাবিকভাবে কথা বলছেন। তিনি ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন এবং দরজির কাজ জানেন বলে তাঁর পরিবার জানিয়েছে।