বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

পোশাকশ্রমিকদের মজুরি: অনিবার্য কারণ দেখিয়ে স্থগিত নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা, মালিকপক্ষের প্রস্তাব আজ আর আসছে না

সকাল ১১টায় শ্রমভবনে সভা হওয়ার কথা থাকলেও শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, নতুন তারিখ শিগগিরই সংশ্লিষ্টদের জানানো হবে।

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত করা হয়েছে। আজ সোমবার শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, অনিবার্য কারণে সভাটি স্থগিত হয়েছে। সকাল ১১টায় শ্রমভবনে এ সভা হওয়ার কথা ছিল। সভার নতুন তারিখ নির্ধারণ করে শিগগিরই সংশ্লিষ্ট ব্যক্তিদের জানিয়ে দেওয়া হবে।

পোশাকশিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর জন্য ন্যূনতম মজুরির হার সুপারিশ করতে এই বোর্ড গঠন করা হয়েছে। আজ মালিকপক্ষের মজুরির প্রস্তাব দেওয়ার কথা ছিল। এর আগে শ্রমিকপক্ষ ৩২ হাজার টাকা নিম্নতম মজুরির প্রস্তাব দিয়েছিল।

শ্রমিকপক্ষের বক্তব্য, চার সদস্যের পরিবারের পুষ্টি, ক্যালরির চাহিদা ও বাড়িভাড়াসহ অন্যান্য খরচ বিবেচনা করেই তাঁরা এ প্রস্তাব দিয়েছেন। পোশাকশিল্পের শ্রমিকেরা গত মাস থেকে মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলন করছেন। সেই আন্দোলনের মুখে ১ নভেম্বর সরকার নিম্নতম মজুরি বোর্ড গঠন করে।

গত পাঁচটি মজুরি বোর্ডে শ্রমিকপক্ষ যে মজুরি দাবি করেছিল, মালিকেরা তার অর্ধেক বা তার চেয়ে কম মজুরি প্রস্তাব করেছিলেন। প্রতিবারই শ্রমিকদের প্রত্যাশার তুলনায় মালিকপক্ষের প্রস্তাব অনেক কম থাকায় বড় আন্দোলন দেখা দিয়েছে। শেষ পর্যন্ত শ্রমিকদের লাগাতার আন্দোলন ও আলোচনায় দর-কষাকষির পর প্রাথমিক প্রস্তাবের চেয়ে বেশি মজুরি দিতে রাজি হয়েছিল মালিকপক্ষ।

গাজীপুরের কোনাবাড়ীসহ বিভিন্ন এলাকায় মজুরির দাবিতে শ্রমিকদের বিক্ষোভের মধ্যেই সভা স্থগিতের খবর এল। সভা স্থগিতের কারণ হিসেবে ‘অনিবার্য কারণ’ ছাড়া আর কিছু জানানো হয়নি।