নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় একটি মাদরাসায় অগ্নিকাণ্ডের পর ধোঁয়ায় অসুস্থ ৭৯ শিক্ষার্থী ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিতে এসেছেন। তাঁদের মধ্যে ৬৩ জনকে ভর্তি করা হয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চারজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, সোমবার দিবাগত রাত ১টা ৫৫ মিনিটের দিকে ভুঁইঘর এলাকার জামিয়া আশরাফিয়া মাদরাসার পাঁচতলা ভবনের দোতলায় আগুন লাগে। কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট রাত ২টা ৫ মিনিটে পৌঁছায়। পরে মোট পাঁচটি ইউনিট প্রায় ২৫ মিনিটের চেষ্টায় রাত ২টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে এবং রাত ৩টা ৪০ মিনিটে তা সম্পূর্ণ নিভে যায়। আগুনে দোতলার প্রায় চার হাজার বর্গফুটের লাইব্রেরি ও অফিসকক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের হিসাবে আনুমানিক ১৫ লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে, আর প্রায় ৫০ লাখ টাকার সম্পদ রক্ষা করা গেছে। প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।
বার্ন ইনস্টিটিউটের ইমার্জেন্সি রেসিডেন্ট সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, ধোঁয়ায় আতঙ্কিত হয়ে শিক্ষার্থীরা বের হতে গেলে হুড়োহুড়ি হয় এবং বিষাক্ত ধোঁয়া শ্বাসের সঙ্গে ঢুকে তাঁদের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়। প্রথম দিকে কিছু শিক্ষার্থী দগ্ধ হয়েছেন বলে খবর এলেও চিকিৎসকেরা পরে জানান, কারও শরীরে দৃশ্যমান দগ্ধের চিহ্ন নেই। তিনি বলেন, ভর্তি রোগীদের মধ্যে চারজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক; এর একজনের শ্বাসপ্রশ্বাস গুরুতর হওয়ায় তাঁকে মেকানিক্যাল ভেন্টিলেটরে রাখা হয়েছে। ‘৭২ ঘণ্টা না গেলে কিছুই বলা যাচ্ছে না’—বলেন তিনি।
মঙ্গলবার দুপুরে বার্ন ইনস্টিটিউটে শিক্ষার্থীদের দেখে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত সাংবাদিকদের জানান, চিকিৎসায় দুটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে, যেখানে ১৩-১৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক আছেন। সব পরীক্ষা-নিরীক্ষা বিনা মূল্যে করা হচ্ছে। তিনি বলেন, অনেকেই মোটামুটি সুস্থ হয়ে উঠছেন এবং সন্ধ্যা বা রাতের মধ্যে আরও প্রায় ৩০ জনকে ছুটি দেওয়া সম্ভব হবে। আইসিইউতে থাকা চারজন সম্পর্কে তিনি আশা প্রকাশ করেন যে তাঁরাও সুস্থ হয়ে উঠবেন।