পটুয়াখালীর লোহালিয়া নদীর ওপর প্রস্তাবিত নবম বাংলাদেশ-চীন মৈত্রী (বগা) সেতুর নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন উঠেছে। সেতুর দৈর্ঘ্য মাত্র ১ দশমিক ৩৫৫ কিলোমিটার হলেও প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৫১৫ কোটি টাকা।
প্রকল্প প্রস্তাব অনুযায়ী, শুধু সেতু নির্মাণেই খরচ হবে ৬৮৩ কোটি ৯০ লাখ টাকা। সে হিসাবে সেতু নির্মাণে কিলোমিটারপ্রতি ব্যয় প্রায় ৫০৫ কোটি টাকা। পুরো প্রকল্পের ব্যয় বিবেচনায় কিলোমিটারপ্রতি খরচ দাঁড়াচ্ছে ১ হাজার ১১৮ কোটি ২০ লাখ টাকা, যা মার্কিন মুদ্রায় প্রায় ৯ কোটি ১০ লাখ ডলার।
প্রতিবেশী দেশের কয়েকটি বড় সেতুর সঙ্গে তুলনায় এই ব্যয় উল্লেখযোগ্যভাবে বেশি। পাকিস্তানের ঘোটকী-কান্ধকোট সেতুর তুলনায় কিলোমিটারপ্রতি ব্যয় প্রায় ৬ দশমিক ৬ গুণ, নেপালের নতুন নারায়ণী সেতুর প্রায় ৩ দশমিক ৩ গুণ। দেশের ভেতরে পিরোজপুরে নির্মিত অষ্টম মৈত্রী সেতুর তুলনায়ও বগা প্রকল্পে কিলোমিটারপ্রতি ব্যয় প্রায় ২৫ শতাংশ বেশি।
শুধু ব্যয়ের অঙ্ক নয়, প্রকল্পের আর্থিক বিশ্লেষণ, জনবল নিয়োগ, ইউটিলিটি স্থানান্তর, ক্রয় পরিকল্পনা ও পরামর্শক নিয়োগ নিয়েও প্রশ্ন তুলেছে পরিকল্পনা কমিশনের প্রকল্প মূল্যায়ন কমিটি (পিইসি)। বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) জানিয়েছে, টোল প্লাজার সংস্থান থাকা সত্ত্বেও প্রকল্পের আর্থিক বিশ্লেষণে ঋণাত্মক ফল পাওয়া গেছে। এসব অসংগতি সংশোধন করে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) পুনর্গঠনের নির্দেশ দিয়েছে পিইসি।
মন্ত্রণালয়ের প্রকল্প প্রস্তাবনা অনুযায়ী, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রস্তাবিত প্রকল্পটির নাম ‘লেবুখালী-বাউফল-গলাচিপা-আমড়াগাছিয়া সড়কের (জেড-৮৮০৬) ১৪তম কিলোমিটারে লোহালিয়া নদীর ওপর নবম বাংলাদেশ-চীন মৈত্রী (বগা) সেতু নির্মাণ’। সেতুটির দৈর্ঘ্য হবে ১ হাজার ৩৫৫ দশমিক ৪ মিটার। অনুমোদন পেলে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ২০৩০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত চার বছরে প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।