সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

বিদেশের মিশনে স্থানীয়ভাবে নিয়োগ পাওয়া কর্মীদের সন্তানের শিক্ষা ব্যয়ের ৮৫ শতাংশ বহন করবে সরকার

অর্থ বিভাগের প্রজ্ঞাপনে মিশনগুলোকে চার গ্রুপে ভাগ করে প্রথম ও দ্বিতীয় সন্তানের জন্য আলাদা সর্বোচ্চ সীমা ঠিক করা হয়েছে।

বিদেশে বাংলাদেশের বিভিন্ন মিশনে স্থানীয়ভাবে নিয়োগ পাওয়া কর্মকর্তা-কর্মচারীদের সন্তানের প্রকৃত শিক্ষা ব্যয়ের ৮৫ শতাংশ বহন করবে সরকার। বাকি ১৫ শতাংশ দিতে হবে সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারীকে। দেশভেদে মিশনগুলোকে চার গ্রুপে ভাগ করে প্রথম ও দ্বিতীয় সন্তানের জন্য আলাদা সর্বোচ্চ সীমা নির্ধারণ করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।

গত ১৯ নভেম্বর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে। এ লেভেল পর্যন্ত এবং বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে পড়াশোনার জন্য এ সুবিধা পাওয়া যাবে। একজন কর্মকর্তা বা কর্মচারী সর্বোচ্চ দুই সন্তানের জন্য এ সুবিধা পাবেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, গ্রুপ ‘ক’-এর মিশনগুলোতে (বেইজিং, সিউল, টোকিও, জাকার্তা, দোহা, জেনেভা, প্যারিস ও মস্কোসহ) এ লেভেল পর্যায়ে এক সন্তানের জন্য বছরে সর্বোচ্চ ২৫ হাজার ও দুই সন্তানের জন্য ৩৫ হাজার মার্কিন ডলার দেওয়া হবে। স্নাতক পর্যায়ে এক সন্তানের জন্য ২৫ হাজার ও দুই সন্তানের জন্য ৩৮ হাজার ডলার নির্ধারণ করা হয়েছে।

গ্রুপ ‘খ’-এর মিশনে (দুবাই, আবুধাবি, কুয়েত সিটি, জেদ্দা, রিয়াদ, লন্ডন, কুয়ালালামপুর, নয়াদিল্লিসহ) উভয় পর্যায়ে এক সন্তানের জন্য ২১ হাজার ও দুই সন্তানের জন্য ৩২ হাজার ডলার সীমা ঠিক করা হয়েছে। গ্রুপ ‘গ’-তে এক সন্তানের জন্য ২১ হাজার ও দুই সন্তানের জন্য ২৮ হাজার ডলার। গ্রুপ ‘ঘ’-এর মিশনে (কলম্বো, কলকাতা, মাস্কাট, তাসখন্দসহ) এ লেভেলে এক সন্তানের জন্য ২০ হাজার ৫০০ ও দুই সন্তানের জন্য ২৫ হাজার এবং স্নাতকে এক সন্তানের জন্য ২১ হাজার ও দুই সন্তানের জন্য ২৫ হাজার ডলার দেওয়া হবে।

যেসব দেশে ইংরেজি প্রধান ভাষা নয় এবং মাধ্যমিক বা উচ্চশিক্ষা পর্যায়ে ইংরেজি মাধ্যমে পড়ার সুযোগ সীমিত, সেখানকার কর্মীরা অন্য কোনো ইংরেজিভাষী দেশে সন্তানকে পড়াতে পারবেন; তখন তাঁর মিশনের জন্য নির্ধারিত সীমা প্রযোজ্য হবে। শিক্ষা ফি ব্যাংকিং চ্যানেল বা ডিজিটাল পদ্ধতিতে সরাসরি শিক্ষাপ্রতিষ্ঠানের হিসাবে পরিশোধ করতে হবে; কর্মকর্তা-কর্মচারীর ব্যক্তিগত হিসাবে এ অর্থ দেওয়া যাবে না। শিক্ষা ভাতাসংক্রান্ত অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে।