প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল হয়ে ওঠায় সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে দ্বীপটিতে প্রায় দেড় হাজার পর্যটক আটকা পড়েছেন। প্রশাসন জানিয়েছে, বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাহাজ চলাচল স্থগিত থাকবে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃহস্পতিবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দিনভর বৃষ্টি হয়েছে। ভোর থেকে ঢাকার আকাশ মেঘলা ছিল এবং সকাল থেকে শুরু হওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টি সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকে। বৃষ্টিতে শীতের আমেজ দেখা দিলেও ভোগান্তিতে পড়েন নগরবাসী ও পথচারীরা। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এদিন রাজধানীতে ১৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দেশে সবচেয়ে বেশি ৪২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে খুলনার কয়রায়।
অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী সোমবার পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী এবং অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। বিশেষ করে আগামী ৪৮ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বলেন, আগামী সোমবার সকাল পর্যন্ত সারা দেশে বৃষ্টির প্রবণতা থাকবে। এরপর বৃষ্টিপাতের পরিমাণ কমে আসতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর দিকে অগ্রসর হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৪৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ১ হাজার কিলোমিটার এবং মোংলা ও পায়রা সমুদ্রবন্দর থেকে ৯১৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার।