বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

দূতাবাসের নাম ভাঙিয়ে ‘টিকার সিরিয়াল’ বলে ওটিপি চাইছে প্রতারক, প্যারিসে প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস

ফ্রান্সের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, টিকা সংক্রান্ত কোনো কার্যক্রমের সঙ্গে তারা জড়িত নয় এবং ফোনে পাসপোর্ট, ব্যাংক বা ওটিপি-সংক্রান্ত তথ্য না দিতে অনুরোধ করেছে।

ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্যারিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। দূতাবাসের নাম ব্যবহার করে টিকা বা ভ্যাকসিনের সিরিয়াল দেওয়ার কথা বলে ফোনে ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) চাওয়াসহ বিভিন্ন সেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগ সামনে আসায় এই সতর্কবার্তা দেওয়া হয়েছে।

দূতাবাসের কনস্যুলার শাখার প্রকাশিত সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মো. বাবুর ইসলাম চৌধুরী নাম ব্যবহার করে এক ব্যক্তি ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের বিভিন্ন ফোন, ইমো ও হোয়াটসঅ্যাপ নম্বর থেকে যোগাযোগ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি দূতাবাসের নাম উল্লেখ করে টিকা বা ভ্যাকসিনের সিরিয়াল-সংক্রান্ত কথা বলছেন এবং ওটিপি নম্বর চাইছেন।

এ বিষয়ে দূতাবাস স্পষ্ট করে জানিয়েছে, টিকা বা ভ্যাকসিন প্রদান-সংক্রান্ত কোনো কার্যক্রমের সঙ্গে তারা জড়িত নয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মো. বাবুর ইসলাম চৌধুরী নামে কোনো ব্যক্তি প্যারিসে বাংলাদেশ দূতাবাসে কর্মরত নন। এক শ্রেণির প্রতারকচক্র দূতাবাসের নাম ব্যবহার করে বিভিন্ন ফোন, ইমো ও হোয়াটসঅ্যাপ নম্বর থেকে প্রবাসীদের সঙ্গে যোগাযোগ করে নানা সেবার প্রলোভন দেখাচ্ছে বলে দূতাবাসের নজরে এসেছে।

দূতাবাস জানিয়েছে, অনলাইন যোগাযোগ ও ডিজিটাল সেবার ব্যবহার বাড়ার সঙ্গে ব্যক্তিগত তথ্য চুরির ঝুঁকিও বাড়ছে। প্রতারকেরা অনেক সময় সরকারি প্রতিষ্ঠান বা পরিচিত সংস্থার নাম ব্যবহার করে মানুষের বিশ্বাস অর্জনের চেষ্টা করে। এরপর বিভিন্ন অজুহাতে ব্যক্তিগত তথ্য, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ বা মোবাইলে আসা ওটিপি সংগ্রহ করতে পারে। এসব তথ্য অন্যের হাতে গেলে অনলাইন অ্যাকাউন্টের নিরাপত্তা বিঘ্নিত হওয়া, আর্থিক ক্ষতি কিংবা পরিচয়সংক্রান্ত জটিলতা তৈরি হতে পারে। তাই ফোনে কোনো অবস্থাতেই পাসপোর্টের তথ্য, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ, এনআইডি নম্বর বা ওটিপি শেয়ার না করার অনুরোধ জানিয়েছে দূতাবাস। কোনো ফোন নম্বর সন্দেহজনক মনে হলে সেটি ব্লক করার পরামর্শও দেওয়া হয়েছে।