দেশের আর্থিক খাতে নারীদের অংশগ্রহণ বাড়লেও উদ্যোক্তা হিসেবে ব্যাংকঋণ পাওয়ার ক্ষেত্রে তাঁরা এখনো পিছিয়ে আছেন। বাংলাদেশ ব্যাংকের ‘ফিন্যান্সিয়াল ইনক্লুশন রিপোর্ট বাংলাদেশ, ২০২৫’ শীর্ষক প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবর–ডিসেম্বর প্রান্তিকে কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতে বিতরণ করা মোট ঋণের মাত্র ৭ দশমিক ৫ শতাংশ, অর্থাৎ ৫ হাজার ২৮৪ কোটি টাকা পেয়েছে নারীদের মালিকানাধীন প্রতিষ্ঠান। ব্যাংকের মোট ঋণ হিসাবের মধ্যে নারীদের অংশও কমে ১৮ দশমিক ৬ শতাংশে নেমেছে। তবে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর ঋণগ্রহীতাদের ৯১ শতাংশই নারী।
অন্যদিকে নারীদের ব্যাংক হিসাব বাড়ছে। ২০২৪ সালের চতুর্থ প্রান্তিকে নারীদের আমানত হিসাব ছিল ৫ কোটি ৫০ লাখ, যা ২০২৫ সালের একই সময়ে বেড়ে ৬ কোটি ৪১ লাখে দাঁড়িয়েছে। এক বছরে বেড়েছে ৯১ লাখ বা ১৬ দশমিক ৫ শতাংশ। ফলে ব্যাংকের মোট আমানত হিসাবের ৩৮ দশমিক ৫ শতাংশ এখন নারীদের নামে, যা আগের বছর ছিল ৩৭ দশমিক ৮ শতাংশ।
প্রতিবেদনটি তৈরিতে ৪৩২টি প্রাথমিক নমুনা এলাকা থেকে ৬ হাজার ৯১২টি পরিবারের তথ্য নেওয়া হয়েছে। এতে দেখা যায়, ২০২৫ সালে প্রাপ্তবয়স্ক পুরুষদের ৬৯ দশমিক ৫ শতাংশ আনুষ্ঠানিক আর্থিক সেবার আওতায় থাকলেও নারীদের ক্ষেত্রে এ হার ৬০ দশমিক ৯ শতাংশ। দেশের প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর গড়ে ৬৪ দশমিক ৫ শতাংশ আনুষ্ঠানিক সেবার আওতায় এসেছে।
ঋণ পাওয়া প্রতিষ্ঠানের সংখ্যার হিসাবে চিত্র কিছুটা ভিন্ন। ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকে সিএমএসএমই খাতে ঋণ পেয়েছে নারীদের মালিকানাধীন ১ লাখ ৬১ হাজার ২১৩টি প্রতিষ্ঠান, পুরুষদের মালিকানাধীন প্রতিষ্ঠান ছিল ২ লাখ ৬৭ হাজার ৪২৪টি। মোট ঋণ পাওয়া প্রতিষ্ঠানের মধ্যে নারী উদ্যোক্তাদের হিস্যা ৩৭ দশমিক ৬ শতাংশ। নারী উদ্যোক্তাদের ঋণের ৪১ দশমিক ৫ শতাংশ (২ হাজার ১৯০ কোটি টাকা) গেছে উৎপাদন খাতে, বাণিজ্য খাতে ১ হাজার ৬২৩ কোটি এবং সেবা খাতে ১ হাজার ৪৭১ কোটি টাকা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সায়েমা হক বিদিশা বলেন, নারীদের হিসাব বাড়ছে এবং পরিবারের সঞ্চয়েও তাঁরা বড় ভূমিকা রাখছেন, কিন্তু উৎপাদনশীল কাজে তাঁরা সেভাবে যুক্ত হতে পারছেন না। তাঁর মতে, প্রাতিষ্ঠানিক নানা জটিলতার কারণে নারীরা ব্যাংকে যেতে নিরুৎসাহিত হন এবং ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের দিকে ঝুঁকছেন। পারিবারিক দায়িত্বের চাপ, আর্থিক সাক্ষরতার অভাব এবং অনেক ক্ষেত্রে ঋণ নারীর নামে নিলেও অর্থ ব্যবহারের সিদ্ধান্ত পুরুষের হাতে থাকাও কারণ বলে তিনি উল্লেখ করেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৫ সালে দেশে মোবাইল আর্থিক সেবার (এমএফএস) হিসাব বেড়ে ২৫ কোটি ২ লাখে উঠেছে, যার মধ্যে নারীদের হিসাব ১০ কোটি ৫৬ লাখ ৭০ হাজার। সক্রিয় এজেন্টের সংখ্যা ২০ লাখ ৩০ হাজারের বেশি এবং দেশে ব্যাংকের মোট শাখা ১১ হাজার ৪১৮টি।