শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

সেন্ট মার্টিনে দুপুরের খাবারের পর শ্বাসকষ্টে নারায়ণগঞ্জের তরুণ পর্যটকের মৃত্যু, স্বজনদের দাবি চিংড়ি খাওয়ার পর অসুস্থতা

স্পিডবোটে টেকনাফ নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন; হাসপাতালের কর্মকর্তা বলছেন, তাঁর আগে থেকেই অ্যালার্জিজনিত সমস্যা ছিল বলে জানা গেছে।

কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপে দুপুরের খাবারের পর অসুস্থ হয়ে এক পর্যটকের মৃত্যুর ঘটনা ঘটেছে। স্বজনদের দাবি, চিংড়ি মাছ খাওয়ার পর তাঁর শ্বাসকষ্ট শুরু হয় এবং এরপরই তিনি মারা যান।

শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। নিহত পর্যটকের নাম মো. ইব্রাহিম (২২)। তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাঝিপাড়ার বাসিন্দা।

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, শুক্রবার বেলা আড়াইটার দিকে সেন্ট মার্টিন বাজারের একটি রেস্তোরাঁয় দুপুরের খাবারের সঙ্গে চিংড়ি মাছ খান ইব্রাহিম। কিছুক্ষণের মধ্যেই তিনি অস্বস্তি ও তীব্র শ্বাসকষ্ট অনুভব করতে থাকেন। তাঁকে সেন্ট মার্টিন হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে বেলা তিনটার দিকে উন্নত চিকিৎসার জন্য দ্রুতগতির জলযান স্পিডবোটে করে তাঁকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. এনামুল হক বলেন, ইব্রাহিমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তাঁর আগে থেকেই অ্যালার্জিজনিত সমস্যা ছিল বলে জানা গেছে। মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, সেন্ট মার্টিনে পর্যটকের মৃত্যুর বিষয়টি তিনি জেনেছেন। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।