সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

মানসম্মত শিক্ষায় টাকা খরচ করতে পারছে না সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেমিনারে শিক্ষামন্ত্রী

বাজেট প্রস্তাবনার ঘাটতি নিয়ে ইউজিসি ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের সমালোচনা করে শিক্ষামন্ত্রী বলেছেন, অর্থ আছে কিন্তু কী খাতে কত লাগবে তার পরিষ্কার প্রস্তাব নেই।

মানসম্মত শিক্ষা উন্নয়নে সরকারের টাকা আছে, কিন্তু তা খরচ করার মতো পরিষ্কার প্রস্তাব পাওয়া যাচ্ছে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। রোববার (২২ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন: সরকারের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’ শীর্ষক এ সেমিনারের আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যালায়েন্স।

বাজেট প্রস্তাবনার ঘাটতি নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্মকর্তাদের সমালোচনা করে মন্ত্রী বলেন, অবকাঠামো উন্নয়নে শুধু অর্থ দেওয়া যায়; কিন্তু মানসম্মত শিক্ষা উন্নয়নে প্রধানমন্ত্রী জানতে চান, কত টাকা ব্যয় করা হচ্ছে।

গবেষণা খাতের অপ্রতুল বরাদ্দের দায়ও তিনি বিশ্ববিদ্যালয় ও ইউজিসির ওপর চাপান। মন্ত্রীর ভাষ্য, গতবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণায় ২১ কোটি টাকা দেওয়া হয়েছিল; এবার ইউজিসির পক্ষ থেকে কেন ২২ কোটি টাকার প্রস্তাব দেওয়া হলো, তার উত্তর কেউ দিতে পারেননি। তিনি আরও বলেন, ইউজিসির ছয় সদস্যের মধ্যে চারজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তাঁদের উচিত যথাযথভাবে বাজেট বরাদ্দ করা। বাজেট নিয়ে সমালোচনাকারীদের উদ্দেশে মন্ত্রী বলেন, কথা বলার আগে বিবেচনা করা উচিত এবং সরকার কাজ করতে এসেছে।

সভাপতির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের দূরত্ব কমাতে বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে আউটকাম বেসড এডুকেশন (ওবিই) কারিকুলাম চালু হয়েছে। ইন্ডাস্ট্রি লিয়াজোঁ অফিস, টেকনোলজি ট্রান্সফার অফিস ও ইনকিউবেশন সেন্টার প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউজিসি সদস্য অধ্যাপক আবদুল্লাহ আল-মামুন। ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যালায়েন্সের সভাপতি অধ্যাপক মো. মহিউদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয় ও শিল্প খাতের সমন্বয়ের অভাবে স্নাতক শেষ করেও তরুণদের নতুন করে কাজ শিখতে হয়।