এনসিপির যুগ্ম সদস্য সচিব (দফতর) সালেহ উদ্দীন সিফাত স্বাক্ষরিত পৃথক চিঠিতে এই পাঁচ নেতাকে ব্যাখ্যা দিতে বলা হয়। নেতারা হলেন—দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।
চিঠিতে বলা হয়, ৫ আগস্ট ‘জুলাই অভ্যুত্থান দিবস’-এর মতো একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিনে তারা কক্সবাজার সফর করেন, যা রাজনৈতিক পর্ষদকে পূর্বে অবহিত করা হয়নি। বিষয়টি দলের শৃঙ্খলা ও নীতিমালার পরিপন্থী।
নোটিশে আরও বলা হয়, “আপনার এই সিদ্ধান্তের কারণ ও প্রেক্ষাপট সম্পর্কে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেনের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করতে নির্দেশক্রমে অনুরোধ করা হচ্ছে।”
এর আগে মঙ্গলবার (৫ আগস্ট) দলীয় দিবস চলাকালে এই পাঁচ নেতা কক্সবাজারের উখিয়ার ইনানী এলাকায় ‘সি পার্ল বিচ রিসোর্ট’-এ অবস্থান করছিলেন। তাদের সঙ্গে আরও একজন নেতা ছিলেন বলেও জানা গেছে।
এদিকে, কক্সবাজারে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের ‘গোপন বৈঠক’ হয়েছে—এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে এ বিষয়ে জানতে চাইলে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “এটা সম্পূর্ণ গুজব। আমরা কয়েকজন মিলে ব্যক্তিগত সফরে এসেছি। হোটেলে পৌঁছেই এমন সংবাদ দেখে আমরা বিস্মিত হয়েছি। কোনো বৈঠক হয়নি। আমরা শুধু ঘুরতে এসেছি।”