শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

ধানমন্ডির শপিং মলে গয়নার দোকানে চুরি: নিরাপত্তাকর্মীদের অচেতন করার অভিযোগ, প্রায় দুই হাজার ভরি গয়না খোয়া যাওয়ার দাবি

পূরবী জুয়েলার্সের মালিকের দাবি, গয়নার পাশাপাশি ১০ থেকে ১২ লাখ টাকা নগদও নেওয়া হয়েছে; চারজন নিরাপত্তাকর্মী আটক, দুজন পলাতক।

রাজধানীর ধানমন্ডি ৬/এ এলাকার একটি শপিং মলে গয়নার দোকানে চুরির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে আনাম র‍্যাংকস প্লাজা নামের ওই মলের পূরবী জুয়েলার্সে এ ঘটনা ঘটে।

জুয়েলার্সের বিক্রেতা জোবায়ের আহমেদ বলেন, গভীর রাতে মলের নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাইয়ে অচেতন করা হয়। এরপর দোকানের গয়না চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। দোকানের মালিক অমিত ঘোষ জানান, আনুমানিক প্রায় দুই হাজার ভরি গয়না চুরি হয়েছে। এ ছাড়া নগদ ১০ থেকে ১২ লাখ টাকাও নিয়ে গেছে তারা। তবে চুরি যাওয়া গয়নার এই পরিমাণ মালিকপক্ষের দাবি, পুলিশ এখনো তা নিশ্চিত করেনি।

ধানমন্ডি থানার একজন কর্মকর্তা জানান, নিরাপত্তাকর্মীদের অচেতন করে তাঁদেরই কয়েকজন চুরি করেছেন বলে পুলিশ সন্দেহ করছে। মলের দুজন নিরাপত্তাকর্মী পলাতক। বাকি চারজন নিরাপত্তাকর্মীকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।

জুয়েলার্সের জ্যেষ্ঠ বিক্রেতা সঞ্জীব শীল বলেন, ঘটনার পর থেকে তিনজন নিরাপত্তাকর্মী নিখোঁজ; তাঁদের মধ্যে জুয়েলার্সের নিজস্ব একজন এবং শপিং মলের দুজন। তাঁর ভাষ্য, সিসিটিভি ফুটেজে তিন থেকে পাঁচজনকে মলে আসতে দেখা গেছে, যাঁদের সঙ্গে অতিরিক্ত আরও দুজন অচেনা ব্যক্তি ছিলেন। ফুটেজে স্পষ্ট দেখা গেছে, নিখোঁজ নিরাপত্তাকর্মীদের একজন তাঁদের প্রতিষ্ঠানে ঢুকতে সরাসরি সহায়তা করেছেন।

শনিবার দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ধানমন্ডি থানা-পুলিশ মলটি ঘিরে রেখেছে এবং অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল আলামত সংগ্রহ করছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম বলেন, জড়িত ব্যক্তিদের শিগগিরই আইনের আওতায় আনা হবে।