মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

গোপালগঞ্জ শহরে নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থকদের দুই পক্ষে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও ১০ দোকানে ভাঙচুর

বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে দাঁড়ানো নিয়ে ধাক্কাধাক্কির জেরে লঞ্চঘাট বটতলা এলাকায় সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

গোপালগঞ্জ জেলা শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সমর্থকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে লঞ্চঘাট বটতলা গোলচত্বর এলাকার এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন এবং ১০টি দোকানে ভাঙচুর চালানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে লঞ্চঘাট এলাকা থেকে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল শেষে সমাবেশে নেতাদের বক্তব্যের সময় পাশে দাঁড়ানো নিয়ে ঘোষেরচর গ্রামের এক ছাত্রলীগ নেতার সঙ্গে চরমানিকদাহ গ্রামের এক ছাত্রলীগ কর্মীর ধাক্কাধাক্কি হয়। এর জেরে সন্ধ্যার পর দুই গ্রামের সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সংঘর্ষের সময় ছয়টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এতে তিনজন আহত হন। এ ছাড়া দেশি অস্ত্রের আঘাতে আরও সাতজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

সংঘর্ষের সময় ১০টি দোকানে ভাঙচুর হয়। ক্ষতিগ্রস্ত ফুল ব্যবসায়ী হাবিবুর রহমান বলেন, বিক্ষোভ শেষে নেতা-কর্মীরা এলাকায় জড়ো হলে তাঁরা দোকান বন্ধ করে দেন। কিছুক্ষণ পর তাঁদের দোকানে হামলা ও ভাঙচুর শুরু হয়। তিনি জানান, এখানে বেশির ভাগ দোকানই চরমানিকদাহ গ্রামের লোকজনের এবং তাঁর ধারণা, ঘোষেরচরের লোকজন তাঁদের এখানে ব্যবসা করতে দেবে না ভেবেই হামলা করেছে।

গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম বলেন, ঘোষেরচর ও চরমানিকদাহ গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের খবর তাঁরা পেয়েছেন। পরে দুই পক্ষ নিজেরাই বিষয়টি মীমাংসা করে নিয়েছে বলে তিনি শুনেছেন। এ ঘটনায় কেউ অভিযোগ দেননি।