বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

সরকারি ক্রয়ে নতুন ও ক্ষুদ্র দরপত্রদাতাদের সুযোগ বাড়াতে সংসদে পাবলিক প্রকিউরমেন্ট সংশোধন বিল

বুধবার পরিকল্পনামন্ত্রী বিলটি উত্থাপন করলে তা পরীক্ষার জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়; বিলে দেশীয় পণ্যকে অগ্রাধিকার দেওয়ার বিধানও আছে।

সরকারি ক্রয়প্রক্রিয়ায় নতুন নিবন্ধিত প্রতিষ্ঠান ও নবীন উদ্যোক্তাদের অংশগ্রহণ সহজ করতে জাতীয় সংসদে ‘পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) বিল’ উত্থাপন করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বিলটি সংসদে তোলেন। এটি পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য পরিকল্পনা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে।

গত ২১ সেপ্টেম্বর এ-সংক্রান্ত একটি অধ্যাদেশ জারি করেছিল সরকার। সেই অধ্যাদেশ রহিত করে আইনে সংশোধন আনতেই নতুন বিলটি তোলা হয়েছে।

বিলে বলা হয়েছে, যোগ্যতা নির্ধারণের ক্ষেত্রে এমন কোনো শর্ত আরোপ করা যাবে না, যা অপ্রয়োজনীয়ভাবে নতুন নিবন্ধিত ব্যক্তি বা নবীন উদ্যোক্তাদের অংশগ্রহণ সীমিত করে। কেবল দীর্ঘমেয়াদি অভিজ্ঞতা, উচ্চ বার্ষিক লেনদেন (টার্নওভার), সরকারি প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা কিংবা একক বৃহৎ চুক্তি সম্পাদনের অভিজ্ঞতাকে বাধ্যতামূলক যোগ্যতা করা যাবে না। তবে ক্রয়কারী কর্তৃপক্ষ কাজের প্রকৃতি, জটিলতা ও ঝুঁকি বিবেচনায় বিশেষ ক্ষেত্রে বিশেষ শর্ত দিতে পারবে।

দেশীয় শিল্পের বিকাশ, স্থানীয় উৎপাদন ও কর্মসংস্থান বাড়াতে সরকার দেশে উৎপাদিত পণ্যকে অগ্রাধিকার দিতে অথবা নির্দিষ্ট শ্রেণির দেশীয় পণ্য কেনা বাধ্যতামূলক করতে পারবে বলেও বিলে উল্লেখ আছে। পাশাপাশি অতি ক্ষুদ্র ও ক্ষুদ্র দরপত্রদাতা, নারী দরপত্রদাতা এবং সুযোগবঞ্চিত ব্যক্তিদের অংশগ্রহণ নিশ্চিত করতে যোগ্যতার শর্ত শিথিল করার ক্ষমতা পাবে সরকার। কোনো বিদেশি ব্যক্তি বা প্রতিষ্ঠান দরপত্রে অংশ নিতে চাইলে তাঁকে বাধ্যতামূলকভাবে বাংলাদেশি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগ গঠন করতে হবে।

বিলের উদ্দেশ্য ও কারণ-সংবলিত বিবৃতিতে মন্ত্রী বলেন, সরকারি তহবিলের সর্বোত্তম ব্যবহারের লক্ষ্যে ক্রয়ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি, বৈষম্যহীনতা, দক্ষতা, অবাধ প্রতিযোগিতা ও দেশীয় স্বার্থ নিশ্চিত করা অনস্বীকার্য। ২০০৬ সালে আইনটি প্রণয়নের পর এটি মোট পাঁচবার সংশোধন করা হয়েছে। মন্ত্রীর ভাষ্য, বিদ্যমান সব বৈষম্য দূর করে সবার জন্য প্রতিযোগিতামূলক অংশগ্রহণ ও সমান অধিকার নিশ্চিত করতেই আবার সংশোধন প্রয়োজন হয়েছে; আইনে পরিণত হলে ক্রয়ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে।