নাটোরের নলডাঙ্গায় ৮০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। উদ্ধার হওয়া হেরোইনের কাগজসহ মোট ওজন ৬ দশমিক ৪ গ্রাম বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পশ্চিম মাধনগর (সিংপাড়া) এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দুজনকে আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পূর্ব মাধনগর নওপাড়া এলাকার বাসিন্দা সুজন তালুকদার (৩১) ও শামীম হোসেন (৪০)।
পুলিশ জানায়, দেহ তল্লাশি করে সুজনের কাছ থেকে ৬০ পুরিয়া এবং শামীমের কাছ থেকে ২০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। নলডাঙ্গা থানার ওসি মনোয়ার জাহান বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮–এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা করা হয়েছে। মঙ্গলবার গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।