মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর ক্ষেত্রে কর্মীর ভিসা, বিমান টিকিট ও সিন্ডিকেট খরচ নিয়োগকর্তা পরিশোধ করছেন। ফলে এই তিন খাতে কর্মীদের কাছ থেকে কোনো টাকা নেওয়ার সুযোগ নেই রিক্রুটিং এজেন্সিগুলোর—এ কথা জানিয়েছেন প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
মন্ত্রণালয়ের এক কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, চুক্তিতে বাংলাদেশ অংশে কর্মীপ্রতি স্বাস্থ্য পরীক্ষা, ই-ভিসা ও জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোসহ (বিএমইটি) অন্যান্য খরচ মিলিয়ে ৭৮ হাজার ৯০০ টাকা নির্ধারিত ছিল। ডলারের দাম বাড়ার কারণ দেখিয়ে সরকার এবার অভিবাসন ব্যয় বাড়িয়ে ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করেছে। এই ব্যয়ে একজন কর্মী পাঠিয়ে এজেন্সির মালিক সর্বনিম্ন ৮০ থেকে ৯০ হাজার টাকা লাভ করতে পারবেন বলে ওই কর্মকর্তা জানান।
তারপরও মালয়েশিয়ায় একেকটি চাহিদাপত্র আট-নয় হাজার রিঙ্গিত পর্যন্ত কেনাবেচা হচ্ছে বলে শোনা যাচ্ছে। সে হিসাবে একজন কর্মীর যেতে সাত-আট লাখ টাকা লাগতে পারে বলে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। অভিবাসনব্যয় নির্ধারণের সঙ্গে জড়িত ব্যক্তিরা এ নিয়ে প্রশ্ন তুলে বলছেন, নিয়োগকর্তা মূল তিনটি খরচ দিলে এত টাকা লাগার কারণ রিক্রুটিং এজেন্সিগুলো। নির্ধারিত ব্যয়ের বাইরে টাকা নেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ পেলে সংশ্লিষ্ট এজেন্সির লাইসেন্স ব্লকসহ কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হবে বলেও তাঁরা হুঁশিয়ারি দেন।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা আরও জানান, মালয়েশিয়ার হাইকমিশন থেকে কর্মীদের ভিসায় সত্যায়ন দেওয়া হচ্ছে এবং মেডিকেল সেন্টারের কার্যক্রম শুরু হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকা গত সপ্তাহে ১৭ থেকে বাড়িয়ে ৫১টি করা হয়েছে। এই তালিকা নিয়ে মন্ত্রণালয়ের কিছুটা দ্বিমত রয়েছে বলে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী আগে সাংবাদিকদের বলেছেন এবং বিষয়টি মালয়েশিয়াকেও জানানো হয়েছে। কর্মকর্তারা বলছেন, ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঢাকা থেকে প্রথম ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা।