বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

তিন লাখ মেধাবী ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, সচিবালয়ে নমুনা চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

২০ হাজার বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রতিটি শ্রেণিতে প্রথম তিন স্থান অর্জনকারী ছাত্রীরা পাবে একটি করে সাইকেল।

দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের নমুনা চালিয়ে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ নভেম্বর) সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ের নিচে তিনি কয়েক ধরনের বাইসাইকেল চালিয়ে দেখেন।

শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনীতে মেধাবী ছাত্রীদের মধ্যে বিতরণের জন্য কয়েক ধরনের বাইসাইকেলের নমুনা প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হয়। মেধাবী ছাত্রীদের জন্য সরকারের উপহার হিসেবে নির্ধারিত সাইকেলের মান ও ব্যবহারিক দিক নিজে চালিয়ে দেখাই ছিল তাঁর সাইকেল চালানোর উদ্দেশ্য।

এ উদ্যোগের আওতায় ২০ হাজার বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেওয়া হবে। প্রতিটি শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীরা একটি করে বাইসাইকেল পাবে। মেয়েদের পড়াশোনায় উৎসাহ বাড়ানো এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রদর্শনীর সময় উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। কবে থেকে সাইকেল বিতরণ শুরু হবে এবং কোন প্রতিষ্ঠান থেকে সাইকেল কেনা হবে, সে তথ্য এখনো জানানো হয়নি।