শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬

বিশেষ পরীক্ষায় পাস করলেও এবার ঢাবির ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন না ফল-অকৃতকার্যরা, অনিশ্চয়তায় চার লাখের বেশি শিক্ষার্থী

এক বা দুই বিষয়ে অকৃতকার্যদের বিশেষ পরীক্ষা ১ ডিসেম্বর শুরু হলেও ঢাবির ভর্তি পরীক্ষার সূচি না বদলানোয় তাঁরা এবার সেখানে আবেদনের সুযোগ পাচ্ছেন না।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য বিশেষ (সাপ্লিমেন্টারি) পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পরীক্ষা শুরু হবে ১ ডিসেম্বর এবং ফল একই মাসে প্রকাশের কথা রয়েছে। তবে এই পরীক্ষায় উত্তীর্ণ হলেও শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন না। ফলে চার লাখের বেশি শিক্ষার্থীর উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ঢাবির সূচি অনুযায়ী, ভর্তি পরীক্ষার আবেদন ১১ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত চলবে। পরীক্ষা শুরু হবে ৫ ডিসেম্বর আইবিএ ইউনিটের পরীক্ষা দিয়ে; ১২ ডিসেম্বর বিজ্ঞান ইউনিট, ১৯ ডিসেম্বর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট এবং ২২ ডিসেম্বর চারুকলা ইউনিটের পরীক্ষা হবে। সবশেষে ২৬ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা। বিশেষ পরীক্ষার ফল প্রকাশ হতে ডিসেম্বরের শেষ পর্যন্ত সময় লাগতে পারে, অর্থাৎ ফলের আগেই ঢাবির ভর্তি পরীক্ষা শেষ হয়ে যাবে।

শিক্ষার্থীদের দাবি, বিশেষ পরীক্ষায় উত্তীর্ণদেরও বিশ্ববিদ্যালয়ে আবেদনের সুযোগ দেওয়া উচিত, বিশেষ করে যেসব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এখনো হয়নি, সেখানে আবেদনের সময় বাড়ানো দরকার। ঢাবি জানিয়েছে, বিশেষ পরীক্ষার ফল প্রকাশ পর্যন্ত ভর্তি পরীক্ষা পেছানোর সুযোগ নেই। ভর্তি পরীক্ষার দায়িত্বে থাকা বিশ্ববিদ্যালয়ের এক শীর্ষ কর্মকর্তা বলেন, এত দীর্ঘ সময় পরীক্ষা পেছানো সম্ভব নয়। তবে যেসব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পরে হবে, সেখানে তাঁরা আবেদনের সুযোগ পেতে পারেন। এইচএসসির ফল গত ৩১ অক্টোবর প্রকাশিত হয়েছে; পুনর্নিরীক্ষণের আবেদন ৭ নভেম্বর পর্যন্ত করা যাবে এবং সম্ভাব্য ফল ২৭ নভেম্বর। পুনর্নিরীক্ষণে কারও ফল বদলালে তিনি ঢাবিতে আবেদন করতে পারবেন।

এ বিষয়ে ঢাবির প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী জানান, পুনর্নিরীক্ষণের ফলের অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের স্বার্থে আবেদনের সময়সীমা দুই দিন বাড়ানো যেতে পারে এবং এ বিষয়ে প্রশাসনের সবাই একমত। তবে ভর্তি পরীক্ষা পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ডিসেম্বরেই হবে।