পূর্বমধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপ আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শনিবার (২৪ অক্টোবর) দেওয়া এক সতর্কবার্তায় অধিদপ্তর এ তথ্য জানায়।
অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, পূর্বমধ্য ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি শনিবার সকাল ৬টায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। আগামী ২৭ বা ২৮ অক্টোবরের দিকে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
তবে ঘূর্ণিঝড় তৈরি হলেও বাংলাদেশের ওপর সরাসরি বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা কম বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাদের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়টি ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে অগ্রসর হতে পারে। কিন্তু এটি স্থলভাগের দিকে এগিয়ে উত্তরমুখী হলে বাংলাদেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত বাড়তে পারে। বিশেষ করে রংপুর, রাজশাহী ও খুলনা অঞ্চলে এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হতে পারে। উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে না যেতে বলা হয়েছে।
আগামী পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, রোববার দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সোমবার চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। মঙ্গলবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আছে। বুধবার আটটি বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। পাঁচ দিনে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।