দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ সহজ করতে দ্বিতীয় পদ্মা সেতু ইংরেজি ‘ওয়াই’ আকৃতিতে নির্মাণের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বর্তমান বিএনপি সরকার। নতুন পরিকল্পনা অনুযায়ী, সেতুটি মানিকগঞ্জের পাটুরিয়া, রাজবাড়ীর দৌলতদিয়া ও পাবনার কাজিরহাটকে যুক্ত করবে। নির্মাণের দায়িত্বে রয়েছে সরকারের সেতু বিভাগ।
দ্বিতীয় পদ্মা সেতুর পরিকল্পনা প্রায় তিন দশকের পুরোনো। প্রথমে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়ার মধ্যে সেতু নির্মাণের কথা ভাবা হয়েছিল। পরে আওয়ামী লীগ সরকারের সময় নদীর তলদেশ দিয়ে টানেল নির্মাণের ধারণা সামনে আসে। এরপর ঢাকার সঙ্গে সরাসরি সংযোগ বাদ দিয়ে রাজবাড়ী ও পাবনার মধ্যে সেতু নির্মাণের প্রাক্-সম্ভাব্যতা যাচাই করা হয়।
সেতু বিভাগ সূত্র বলছে, দ্বিতীয় পদ্মা সেতু নির্মিত হলে উত্তরাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার সঙ্গে ঢাকার যোগাযোগের বিকল্প পথ তৈরি হবে। একই সঙ্গে মোংলা সমুদ্রবন্দর এবং বেনাপোল, ভোমরা ও দর্শনা স্থলবন্দরের সঙ্গে রাজধানীর বিকল্প যোগাযোগব্যবস্থা গড়ে উঠবে। এতে পণ্য পরিবহনে সময় ও ব্যয় কমবে বলে আশা করছে সেতু বিভাগ।
বিদ্যমান যমুনা সেতু যানবাহনের চাপ নিতে পারছে না। ১৯৯৮ সালে চালু হওয়া এ সেতু দিয়ে দিনে গড়ে ২৫ হাজার যানবাহন চলাচল করে; উৎসব কিংবা সপ্তাহের শুরু ও শেষ দিনে যানজট হয়। ২০২২ সালে চালু হওয়া পদ্মা সেতু দিয়ে দিনে গড়ে ২০ হাজার যানবাহন চলে। বিকল্প হিসেবে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণেরও পরিকল্পনা নেওয়া হয়েছে, যা বগুড়াকে কেন্দ্র করে সরকারের উন্নয়ন পরিকল্পনার অংশ বলে জানা গেছে।
সেতু বিভাগের সচিব আবদুর রউফ বলেন, সরকারের নীতিগত সিদ্ধান্ত হচ্ছে দ্বিতীয় পদ্মা ও দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ করা হবে। তবে দুটি সেতুরই চূড়ান্ত অবস্থান, দৈর্ঘ্য, নকশা ও নির্মাণব্যয় এখনো ঠিক হয়নি। এসব নির্ধারণে নতুন করে সম্ভাব্যতা সমীক্ষা চলছে, যা আগামী বছরের সেপ্টেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে।