রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬

মিরপুরে পল্লবী মেট্রোস্টেশনের নিচে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের চেষ্টা, দুটি আসন আংশিক পুড়েছে

শনিবার রাতে ফাঁকা দাঁড়িয়ে থাকা বাসে বাইরে থেকে আগুন দেওয়ার চেষ্টা হয়; কর্মী ও স্থানীয়রা দ্রুত নেভান।

রাজধানীর মিরপুর-১২ নম্বর এলাকায় পল্লবী মেট্রোস্টেশনের নিচে একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বাসের কর্মী ও স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলেন বলে জানিয়েছে পুলিশ।

শনিবার রাত ১০টার দিকে বিহঙ্গ পরিবহনের একটি বাসে ঘটনাটি ঘটে। এতে কেউ হতাহত হননি, তবে বাসের দুটি আসন আংশিক পুড়ে গেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাসটি মাত্র একটি ট্রিপ শেষ করে দাঁড়িয়ে ছিল এবং সম্পূর্ণ ফাঁকা ছিল, ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বাসের ভেতরে কর্মীরা যখন ট্রিপের টাকা গুনছিলেন, তখনই বাইরে থেকে আগুন দেওয়ার চেষ্টা চালানো হয়। আগুন দ্রুত নেভানো হওয়ায় বাসের শেষ দিকের দুটি সিটের ওপরের অংশ ছাড়া বড় কোনো ক্ষতি হয়নি।

ডিসি জানান, সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের দ্রুত শনাক্ত করা হবে।

এর আগে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বারিধারা এলাকায় প্রগতি সরণিতে বৈশাখী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছিল। তার আগের দিন রায়েরবাজারে কৃষি মার্কেটের সামনে একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানে বিস্ফোরণ ও আগুন লাগার ঘটনায় চালক আহত হন।