দুই বছরের বেশি সময় ধরে ভারতে নির্বাসিত জীবন কাটানোর পর আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এ জন্য নয়াদিল্লি থেকে ঢাকায় আসতে রাষ্ট্রীয় পতাকাবাহী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার তাঁর মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এক বিবৃতিতে এ কথা জানান।
দেশে ফেরার জন্য নির্দিষ্ট কোনো তারিখের কথা শেখ হাসিনার পক্ষ থেকে এই প্রথম জানানো হলো। বিবৃতিতে বলা হয়েছে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর পরাজয়ের দিন, অর্থাৎ বিজয় দিবসেই তিনি ফিরতে চান।
মুখপাত্রের বক্তব্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের একটি বিমানে করেই শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। এখন তিনি সরকারের কাছে একইভাবে দিল্লি থেকে ঢাকায় ফেরার বিমান পরিবহনের ব্যবস্থা করার অনুরোধ করেছেন। বিবৃতিতে আরও দাবি করা হয়, সংবিধানবহির্ভূত পরিস্থিতিতে তাঁকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল; তাই বিজয় দিবসে তাঁকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা সরকারের দায়িত্ব।
এ বিষয়ে সরকারের কোনো মুখপাত্র তাৎক্ষণিক মন্তব্য করেননি। তবে গত রোববার একজন মন্ত্রী জানিয়েছিলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। ওই মন্ত্রীর ভাষ্য অনুযায়ী, তাঁকে ফিরিয়ে আনতে বিমান পাঠানো নিয়ে ভারতের সঙ্গে সরকারের কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। পরে মঙ্গলবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির কূটনীতিকদের ব্রিফিং শেষে বলেন, ফিরতে হলে শেখ হাসিনাকে বন্দি অবস্থায় আসতে হবে।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছাড়ার পর শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযানের নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। জাতিসংঘের হিসাবে ওই আন্দোলন ও সহিংসতায় সর্বোচ্চ ১ হাজার ৪০০ জন নিহত হয়েছিলেন। শেখ হাসিনা তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন।
আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ। চলতি মাসের শুরুতে শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও অন্যান্য প্রয়োজনীয় নথি চাওয়ার পর দেশে সহিংসতার ঘটনা বেড়েছে বলে জানা গেছে। নতুন এই ঘোষণায় দেশের রাজনৈতিক ও আইনি পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।