বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

রাজশাহীতে নদী দখল-দূষণ রোধ ও গঙ্গা চুক্তি নবায়নসহ ১৭ দফা দাবিতে প্রধানমন্ত্রীর কাছে নদী বাঁচাও আন্দোলনের স্মারকলিপি

বুধবার দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি দিয়েছে সংগঠনের রাজশাহী শাখা; পদ্মাকে নদী সংকটের অন্যতম উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

নদী দখল, দূষণ, অবৈধ বালু উত্তোলন ও নাব্যতা সংকট নিরসনে সমন্বিত উদ্যোগ নেওয়ার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন। আজ বুধবার দুপুরে সংগঠনের রাজশাহী জেলা শাখার প্রতিনিধিরা জেলা প্রশাসকের মাধ্যমে ১৭ দফা দাবি সংবলিত এই স্মারকলিপি জমা দেন। জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম প্রধানমন্ত্রীর পক্ষে তা গ্রহণ করেন।

স্মারকলিপিতে নদী ও পরিবেশ রক্ষায় সরকারের বিভিন্ন উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। একই সঙ্গে বলা হয়, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বন্যা, শুষ্ক মৌসুমে তীব্র পানিসংকট, নদী দখল, অবৈধ বালু উত্তোলন, শিল্পবর্জ্য ও প্লাস্টিক দূষণ এবং নদীভাঙনের মতো সমস্যা ক্রমেই প্রকট হচ্ছে। রাজশাহীর পদ্মা নদীকে এসব সংকটের অন্যতম বাস্তব উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে।

১৭ দফার মধ্যে রয়েছে নদী রক্ষায় পানি উন্নয়ন বোর্ড, কৃষি মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, সড়ক ও জনপথ অধিদপ্তর ও জাতীয় নদী রক্ষা কমিশনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও বিশেষজ্ঞদের নিয়ে গঠিত কমিটির চূড়ান্ত মতামত বাধ্যতামূলক করা। শিল্পকারখানায় ২৪ ঘণ্টা তরল বর্জ্য শোধনাগার চালু রাখা এবং নদীতে বর্জ্য ফেলা বন্ধে কঠোর নজরদারির দাবিও জানানো হয়েছে। জেলা পর্যায়ে কমিটি গঠন করে প্রতি তিন মাস অন্তর নদীর পাড় সরেজমিনে পরিদর্শন, প্রতিবেদন প্রকাশ এবং অবৈধ দখলদারদের উচ্ছেদের কথাও বলা হয়েছে।

এ ছাড়া পরিকল্পিতভাবে নদী খনন ও ড্রেজিং, মৃত ও ভরাট হয়ে যাওয়া নদী, খাল, পুকুর ও দিঘি পুনঃখনন, নদীভাঙন ও বন্যা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় বাঁধ নির্মাণ এবং মা মাছ রক্ষায় বিষ ও কারেন্ট জালের ব্যবহার বন্ধের দাবি রয়েছে। নদীর তীরে সবুজ বেষ্টনী গড়ে তোলা এবং জলজ প্রাণী ও মৎস্যসম্পদের অভয়াশ্রম তৈরির প্রস্তাবও দেওয়া হয়েছে।

স্মারকলিপিতে গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়নের দাবি জানানো হয়েছে। বাংলাদেশ, ভারত, চীন, নেপাল, ভুটান ও মিয়ানমারকে নিয়ে দক্ষিণ এশীয় আঞ্চলিক নদী কমিশন গঠনের প্রস্তাবও রাখা হয়েছে। অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে জাতিসংঘের ১৯৯৭ সালের আন্তর্জাতিক পানিপ্রবাহ কনভেনশনে বাংলাদেশের সমর্থন এবং যৌথ নদী কমিশনের কূটনৈতিক তৎপরতা জোরদারেরও দাবি করা হয়েছে। পাঠ্যপুস্তকে নদী রক্ষাবিষয়ক গল্প, কবিতা ও নাটক অন্তর্ভুক্তির দাবিও রয়েছে এতে।