মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

সিরাজগঞ্জে ২০১২ সালের ফেনসিডিল মামলায় বাসচালক রমজান আলীর যাবজ্জীবন, সুপারভাইজার খালাস

বাসে তল্লাশি চালিয়ে ১০৮ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় চালককে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

সিরাজগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের এক মামলায় রমজান আলী (৫৫) নামের এক বাসচালককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে; অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩ আদালতের বিচারক মো. নজরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত রমজান আলী টাঙ্গাইলের হিংগনগরের বসির উদ্দিনের ছেলে। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (অতিরিক্ত পিপি) লতিফ আকন্দ রায়ের তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, ২০১২ সালের ২ আগস্ট ‘নাবিল পরিবহন’-এর একটি বাসে তল্লাশি চালিয়ে ১০৮ বোতল ও এক লিটার তরল ফেনসিডিলসহ চালক রমজান আলী ও সুপারভাইজার রিফাতকে আটক করে যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ। ঘটনার পর থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউর রহমান বাদী হয়ে মামলা করেন।

দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত রমজান আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় সুপারভাইজার রিফাতুল ইসলামকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।