শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬

সাতকানিয়ায় সাঙ্গুর ভাঙনে বেড়িবাঁধ ধস, জিও টিউবের কাজ বন্ধ; ঝুঁকিতে বসতি ও শিক্ষার্থীদের চলাচল

বাজালিয়া ইউনিয়নের চৌধুরীপাড়ায় ১৯ লাখ টাকার জরুরি মেরামতের মধ্যেই নতুন ভাঙন দেখা দিয়েছে; পানি উন্নয়ন বোর্ড বলছে নতুন করে সমীক্ষা লাগবে।

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চৌধুরীপাড়ায় সাঙ্গু নদীর ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে বেড়িবাঁধ। সম্প্রতি মেরামত শুরু হলেও নতুন করে ভাঙন দেখা দেওয়ায় কাজ আপাতত বন্ধ রাখতে হয়েছে। এতে বসতঘর, মসজিদ, কবরস্থান, গ্রামীণ সড়ক ও ফসলি জমি ঝুঁকিতে পড়েছে।

স্থানীয় সূত্র জানায়, বর্ষা মৌসুমে প্রবল বৃষ্টি ও পাহাড়ি ঢলে নদীতে তীব্র স্রোত তৈরি হয়ে বাঁধের বিভিন্ন অংশ ভেঙে গেছে। সর্বশেষ গত জুলাইয়ের শুরুতে পানি বেড়ে বেড়িবাঁধের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং নদীর পানি লোকালয়ে ঢুকে পড়ে। জরুরি মেরামতের জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ১৯ লাখ টাকা বরাদ্দ দেয়। সিদ্ধান্ত হয় ১৫০ মিটার এলাকায় জিও টিউব বসানোর। কিন্তু কাজ শুরুর পর নতুন ভাঙনে বাঁধের বেশ কিছু অংশ নদীগর্ভে ধসে পড়ে, ফলে জিও টিউব বসানোর কাজ বন্ধ আছে।

স্থানীয় বাসিন্দা মোজাম্মেল হক, মোহাম্মদ জামাল ও মোহাম্মদ ফোরকান বলেন, বর্ষা এলেই ভাঙনের আতঙ্কে থাকতে হয় তাঁদের। ভাঙন চলতে থাকলে আরও বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে ভাঙনকবলিত সড়ক দিয়ে শিক্ষার্থীদের মৃত্যুঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।

পটিয়া পানি উন্নয়ন শাখা-১-এর উপসহকারী প্রকৌশলী মাহবুব আলম বলেন, ভাঙনের কারণে নির্ধারিত স্থানের বেড়িবাঁধের বেশ কিছু অংশ ধসে পড়েছে, তাই আগের পরিকল্পনা অনুযায়ী কাজ চালানো যাচ্ছে না। নতুন করে সমীক্ষা চালিয়ে পরিস্থিতি পর্যালোচনা করতে হবে এবং ভাঙন ঠেকাতে টেকসই পদ্ধতি ঠিক করে তারপর কাজ শুরু করা হবে।