শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

কলমাকান্দায় বিরোধের জেরে টেঁটার আঘাতে যুবক নিহত, আহত তিন; অভিযুক্তরা পলাতক

শুক্রবার রাতে খাতে সালেঙ্গা গ্রামে দুই পক্ষের সংঘর্ষে সাদ্দাম হোসেন (৩০) প্রাণ হারান।

নেত্রকোনার কলমাকান্দায় বিরোধের জেরে প্রতিপক্ষের ছোড়া টেঁটা বুকে বিদ্ধ হয়ে সাদ্দাম হোসেন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার খাতে সালেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাদ্দাম ওই গ্রামের আবুল হাসেমের ছেলে। তিনি কৃষিকাজের পাশাপাশি অটোরিকশা চালাতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের জামাল মিয়ার সঙ্গে প্রতিবেশী হক্কা মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মেয়ের সঙ্গে হক্কা মিয়ার ছেলের প্রেমের সম্পর্কের অভিযোগে চার-পাঁচ মাস আগে জামাল মিয়া তাঁদের বিরুদ্ধে অপহরণ মামলা করেন। সম্প্রতি জামাল মিয়ার বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ তোলেন হক্কা মিয়া ও তাঁর লোকজন।

স্থানীয় একাধিক বাসিন্দা জানান, গতকাল সন্ধ্যায় এ নিয়ে দুই পক্ষের কথা-কাটাকাটি হয় এবং স্থানীয়রা তা থামিয়ে দেন। পরে রাত ৯টার দিকে হক্কা মিয়া ও তাঁর লোকজনের ওপর হামলা চালান জামাল মিয়া ও তাঁর পক্ষের লোকজন। প্রতিপক্ষের ছোড়া টেঁটা বুকে বিদ্ধ হয়ে হক্কা মিয়ার চাচাতো ভাই সাদ্দাম গুরুতর আহত হন। আহত হন তাঁর আরেক চাচাতো ভাই দূরবীন মিয়া, আজাহার উদ্দিন ও হাদিস মিয়া।

স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক এম এস এস মাটি জানান, হাসপাতালে আনার আগেই সাদ্দামের মৃত্যু হয়েছিল। বাকি তিনজন চিকিৎসাধীন।

আহত দূরবীন মিয়া দাবি করেন, জামাল মিয়া ও তাঁর লোকজন মাদক কারবারে জড়িত; এসব কাজে বাধা দেওয়ায় তাঁদের ওপর হামলা হয়েছে। তিনি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, অভিযুক্ত জামাল মিয়া ও তাঁর পক্ষের লোকজন পলাতক; তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য আক্কেব আলী নামের একজনকে থানায় আনা হয়েছে।