ভারতের খলিস্তানপন্থী শিখ নেতা ও মার্কিন নাগরিক গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্র মামলায় ভারতীয় নাগরিক নিখিল গুপ্তাকে ১৯ বছর ৭ মাসের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। শুক্রবার নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের বিচারক ভিক্টর মারেরো এই সাজা ঘোষণা করেন।
শুনানির সময় নিখিল গুপ্তা এজলাসে উপস্থিত ছিলেন, পান্নুনও ছিলেন। নিখিলের আইনজীবী কম সাজার অনুরোধ করেন এবং বিচারকের কাছে মক্কেলকে কিছু বলার সুযোগ চান। বিচারক সেই সুযোগ দিলে ৫৫ বছর বয়সী নিখিল বলেন, যে অপরাধ তিনি করেছেন, তা শোধরানোর আর কোনো উপায় নেই। পান্নুন ও শিখ সম্প্রদায়ের কাছে তিনি দুঃখ প্রকাশ করেন। আদালতে পান্নুন বলেন, এ ঘটনার কারণে তিনি তাঁর আইন পেশায় মনোযোগ দিতে পারেননি এবং ১ হাজার ২০০ দিন নষ্ট হয়েছে। এই মামলায় নিখিলের সর্বোচ্চ ২৪ বছর কারাদণ্ড হতে পারত; তাঁর আইনজীবীরা ১২ বছরের সাজার আশা করেছিলেন। রায়ের পর আইনজীবী হতাশা প্রকাশ করেন।
মামলার সূত্র অনুযায়ী, ঘটনার শুরু ২০২৩ সালের মে মাসে। ভারতের মন্ত্রিপরিষদ সচিবালয়ের অধীন কর্মরত বিকাশ যাদব নামের এক ব্যক্তি নিখিলকে নিয়োগ করেন এবং পান্নুনকে ভাড়াটে খুনি দিয়ে হত্যার দায়িত্ব দেন বলে অভিযোগ। নিখিল যে খুনির সঙ্গে যোগাযোগ করেন, তিনি আসলে যুক্তরাষ্ট্রের এক আন্ডারকভার এজেন্ট ছিলেন। ষড়যন্ত্র ফাঁস হলে নিখিলকে চেক প্রজাতন্ত্র থেকে গ্রেপ্তার করা হয় এবং ২০২৪ সালের জুনে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়।
এই ফৌজদারি মামলা থেকে আলাদা একটি দেওয়ানি মামলা করেছেন পান্নুন নিজে। সেখানে তিনি নিখিল ও বিকাশ যাদবের পাশাপাশি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং গোয়েন্দা সংস্থা ‘র’-এর সাবেক প্রধান সামন্ত গোয়েলকেও জড়িয়েছেন। নিউইয়র্কের জেলা আদালতের বিচারক ক্যাথরিন পোল্ক ফেইলা সম্প্রতি নির্দেশ দিয়েছেন, তাঁদের কাছে সমন পৌঁছে দিতে দিল্লির পাতিয়ালা হাউস, দ্বারকা ও তিস হাজারি আদালতের সাহায্য চাওয়া হোক। আদালতের ভাষ্য, হেগ কনভেনশনের আওতায় ভারতের কেন্দ্রীয় কর্তৃপক্ষ, অর্থাৎ আইন ও বিচার মন্ত্রণালয়ের মাধ্যমে সমন পাঠানোর চেষ্টা সফল হয়নি। এরপর বিকল্প পদ্ধতির অনুমতি দেওয়া হয়েছে।
ভারত সরকার পান্নুনের অভিযোগ ও দেওয়ানি মামলাকে বারবার ভিত্তিহীন ও মনগড়া বলে প্রত্যাখ্যান করেছে। শুক্রবারের ব্রিফিংয়ে এ বিষয়ে প্রশ্ন করা হলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এ বিষয়ে সরকারি অবস্থান তিনি আগেই জানিয়েছেন। ফৌজদারি মামলায় সাজা হওয়ার পর এখন নজর থাকবে দেওয়ানি মামলায় মার্কিন আদালতের সিদ্ধান্তের দিকে।