মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্ত দিয়ে চারজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাধা দেওয়ায় সেই চেষ্টা সফল হয়নি। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা শূন্যরেখায় অবস্থানের পর শুক্রবার সকালে ওই চারজনকে ভারতে ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ।
রংমহল বিজিবি ক্যাম্প ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে সীমান্তের কাঁটাতারের বেড়ার ফটক খুলে চারজন পুরুষকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়। বিষয়টি টের পেয়ে বিজিবির টহল দল দ্রুত সীমান্তে অবস্থান নেয় এবং তাঁদের বাংলাদেশের ভূখণ্ডে ঢুকতে দেয়নি। পরে ওই চারজন শূন্যরেখায় অবস্থান করেন।
রংমহল বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মিজানুর রহমান বলেন, গভীর রাতে সীমান্তের ওপারে ট্রাক চলাচলের শব্দ শুনে বিজিবির সদস্যরা সতর্ক হন। রাত দুইটার দিকে বিএসএফের সদস্যরা কাঁটাতারের ফটক খুলে চারজনকে বাংলাদেশের দিকে ঠেলে দেন। বিজিবির বাধার মুখে তাঁরা দীর্ঘ সময় শূন্যরেখায় অপেক্ষা করেন। শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে বিএসএফ ফটক খুলে তাঁদের ভারতের ভেতরে নিয়ে যায়।
স্থানীয় কৃষক জিয়ারুল মিয়া বলেন, কপির খেতে কাজ করতে গিয়ে তিনি দেখেন, চারজন ব্যাগ নিয়ে খেতের এক পাশে বসে আছেন। বিজিবির সদস্যরা মাইকে বারবার তাঁদের ফেরত যেতে বলছিলেন।
বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল বলেন, গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সুযোগ নিয়ে বিএসএফ চারজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছিল, বিজিবির টহল দলের তৎপরতায় তা ব্যর্থ হয়। তাঁর ভাষ্য, সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং স্থানীয় গ্রামবাসীর সহযোগিতায় এ ধরনের চেষ্টা প্রতিহত করা হবে।
একই রাতে মৌলভীবাজারের বড়লেখা সীমান্তেও পুশইনের চেষ্টা হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার রাতে লাতু ও পাল্লাথল সীমান্তের পাহাড়ি এলাকা দিয়ে ২০ জন নারী-পুরুষকে বাংলাদেশের ভেতরে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। বিজিবির ৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান সুজন জানান, বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে এ চেষ্টা করা হলেও বিজিবির তৎপরতায় তা প্রতিহত হয়েছে। খবর অনুযায়ী ওই ২০ জন তখনো শূন্যরেখায় অবস্থান করছিলেন; সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।