নেত্রকোণার মদন উপজেলায় ১২ বছরের এক মাদরাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার মামলায় শিক্ষক আমানউল্লাহ মাহমুদীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুর ১টার দিকে নেত্রকোণা জেলা ও দায়রা জজ এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুস সালাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
এর আগে ২৮ অক্টোবর যুক্তিতর্ক শুনানি শেষে আদালত রায় ঘোষণার জন্য ১১ নভেম্বর দিন ধার্য করেন। যুক্তিতর্ক চলাকালে আসামি তাঁর জীবনের সব সম্পত্তি, অর্থাৎ ১২ শতাংশ জমি লিখে দেওয়ার বিনিময়ে মামলা থেকে মুক্তি চেয়েছিলেন বলে জানা গেছে। আদালত এ আবেদন নাকচ করে দেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের নভেম্বরে মদন উপজেলার একটি মহিলা কওমি মাদরাসার পরিচালক ও শিক্ষক আমানউল্লাহ মাহমুদী শিশুটিকে নিজের মাদরাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ভয়ে শিশুটি ঘটনা গোপন রাখে এবং একপর্যায়ে মাদরাসায় যাওয়া বন্ধ করে দেয়।
পরে শিশুটির শারীরিক পরিবর্তন লক্ষ করে পরিবার। চলতি বছরের এপ্রিলে চিকিৎসকের কাছে নেওয়া হলে ১২ বছর বয়সী শিশুটির অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হয়। এ ঘটনায় ২৩ এপ্রিল শিশুটির মা শিক্ষক ও তাঁর ভাইকে আসামি করে মদন থানায় মামলা করেন। শিশুটির পরিচয় গোপন রাখা হয়েছে।