প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া সার্বিয়া, মলদোভা, রাশিয়া, জাপানসহ মোট ১২ দেশের বিদেশগামী কর্মীদের বহির্গমন ছাড়পত্র না দিতে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোকে (বিএমইটি) নির্দেশনা দেওয়া হয়েছে। গত বুধবার মন্ত্রণালয়ের উপসচিব গাজী মো. শাহেদ আনোয়ারের স্বাক্ষরিত একটি চিঠি ব্যুরোর মহাপরিচালকের কাছে পাঠানো হয়।
চিঠিতে বলা হয়, মন্ত্রণালয়ের নিয়োগানুমতি ছাড়া ওই চার দেশের পাশাপাশি বেলারুশ, কঙ্গো, ইরাক, লাউস, ভিয়েতনাম, কম্বোডিয়া, ইউক্রেন ও লিবিয়াগামী কর্মীদের অনুকূলে বহির্গমন ছাড়পত্র ইস্যু না করার জন্য বিএমইটির মহাপরিচালক জামিল আহমেদকে অনুরোধ করা হয়েছে।
এর আগে সার্বিয়াগামী কয়েকশ কর্মী ছাড়পত্র পেতে মন্ত্রণালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। বিক্ষোভকারীদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী নুরুল হক ও সচিব মো. মোখতার আহমেদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করে। ওই বৈঠকে বিএমইটির মহাপরিচালক জামিল আহমেদ জানান, সার্বিয়াগামীদের বিষয়টি ইতালির রোমে বাংলাদেশ দূতাবাস দেখে। দূতাবাসকে মোট ১৪টি কোম্পানির নামে কর্মীদের ভিসা ও কাজ ঠিক আছে কি না যাচাই করতে দেওয়া হয়েছিল।
যাচাইয়ে দূতাবাস জানিয়েছে, ১৪টি কোম্পানির মধ্যে দুটির অস্তিত্ব আছে, বাকি সবই ভুয়া। এরপর ছাড়পত্র প্রসঙ্গে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, যাঁদের ভিসা সঠিক পাওয়া যাবে তাঁদের ছাড়পত্র দ্রুত দেওয়া হবে; আর যাঁরা জালিয়াতির আশ্রয় নিয়েছেন, তাঁদের কাউকে ছাড় দেওয়া হবে না।