সরবরাহ লাইন বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় রাজধানী ঢাকার পূর্বাঞ্চল ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টা ৪৩ মিনিটে এ ঘটনা ঘটে। এর ফলে সচিবালয়সহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
সচিবালয় ও আশপাশের এলাকা, মগবাজার, মধুবাগ, শান্তিনগর, মালিবাগ ও খিলগাঁওসহ বেশ কিছু এলাকায় বিদ্যুৎ না থাকার খবর পাওয়া গেছে। পাওয়ার গ্রিড বাংলাদেশ জানিয়েছে, ঢাকার ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন ও মতিঝিলসহ পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় সরবরাহ বিচ্ছিন্ন হয়েছে। এর পাশাপাশি চট্টগ্রামের একাংশেও বিদ্যুৎ নেই।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধানমন্ডি-উলন গ্রিডে এই বিপর্যয়ের সূত্রপাত। তবে বিপর্যয়ের সুনির্দিষ্ট কারণ এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
পাওয়ার গ্রিড বাংলাদেশ জানিয়েছে, সিস্টেম পুনরুদ্ধারের কাজ চলছে। প্রকৌশলীরা ধাপে ধাপে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করছেন। সংস্থাটি আরও জানায়, দেশের উত্তরাঞ্চলসহ অন্যান্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ সচল ও স্বাভাবিক রয়েছে।
কখন পূর্ণাঙ্গভাবে সরবরাহ স্বাভাবিক হবে, সে বিষয়ে এই প্রতিবেদন তৈরির সময় সুনির্দিষ্ট কোনো সময় জানানো হয়নি।