গাইবান্ধা জেলার অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ গাইবান্ধা সরকারি কলেজে এখন সব সমস্যা ছাপিয়ে শিক্ষকসংকটই প্রকট হয়ে উঠেছে। প্রতি ২২২ জন শিক্ষার্থীর জন্য শিক্ষক রয়েছেন মাত্র একজন। বিশেষ করে স্নাতক (সম্মান) শ্রেণিতে সংকট বেশি। এ কারণে শিক্ষকেরা পালা করে পাঠদান করছেন, ফলে ক্লাস ব্যাহত হচ্ছে।
কলেজ সূত্রে জানা গেছে, জেলা শহরের থানাপাড়া এলাকায় গাইবান্ধা–গোবিন্দগঞ্জ সড়ক ঘেঁষে ১৯৪৭ সালে ১৩ একর জমিতে কলেজটি গড়ে ওঠে। ১৯৮০ সালে এটি সরকারি হয়। ১৯৫৬ সালে পাস কোর্স এবং ১৯৯৬-৯৭ সালে ১৪টি বিষয়ে স্নাতক (সম্মান) শাখা চালু হয়; স্নাতকোত্তর শ্রেণি চালু হয় ১৯৯৯ সালে। বর্তমানে কলেজে শিক্ষার্থী ১৪ হাজার ৬৫২ জন—ছাত্র ৯ হাজার ৯০ ও ছাত্রী ৫ হাজার ৫৬২ জন। তাঁদের জন্য শিক্ষক আছেন ৬৬ জন।
১৯৮৩ সালে প্রণীত মার্শাল ল কমিটির স্টাফিং প্যাটার্ন ও ১৯৮৭ সালে গঠিত এনাম কমিটির সুপারিশ অনুযায়ী কলেজে ২৩৪ জন শিক্ষক থাকার কথা। সে হিসাবে প্রায় ৭২ শতাংশ পদ শূন্য। ১৪টি স্নাতক (সম্মান) বিষয়ের প্রতিটিতে বিভাগীয় প্রধানসহ অন্তত ১৬ জন শিক্ষক থাকার কথা থাকলেও বেশির ভাগ বিষয়েই প্রয়োজনীয় শিক্ষক নেই।
গণিত বিভাগে বর্তমানে মাত্র একজন শিক্ষক। স্নাতক (সম্মান) গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী খন্দকার রিমি বলেন, তাঁদের বিভাগে একজনই শিক্ষক, তাই সপ্তাহে মাত্র তিন দিন পাঠদান হয়। ইংরেজিতে শিক্ষক আছেন চারজন, ইতিহাসে তিনজন। রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক (সম্মান) থেকে মাস্টার্স পর্যন্ত কোর্স চালু থাকলেও সেখানে শিক্ষক মাত্র পাঁচজন; বিভাগীয় প্রধানের পদও শূন্য।
শিক্ষকসংকটের পাশাপাশি শিক্ষার্থীদের আবাসনসংকট রয়েছে। লাইব্রেরিতে পর্যাপ্ত বই নেই, ক্যানটিন নেই, নেই কোনো পরিবহনব্যবস্থা। সামান্য বৃষ্টিতেই মাঠে পানি জমে যায়। শিক্ষার্থীরা জানান, এইচএসসি থেকে স্নাতকোত্তর পর্যন্ত বিভিন্ন স্তরের এই বিপুলসংখ্যক শিক্ষার্থীর পাঠদান সামাল দিতে শিক্ষকদের হিমশিম খেতে হচ্ছে।