বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

মজুরি বাড়ানোর পর পোশাকশ্রমিকদের বাড়িভাড়া ও বাসভাড়া বৃদ্ধি ঠেকাতে উদ্যোগ নিচ্ছে সরকার: শ্রম উপদেষ্টা

ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা ঘোষণার পর সংবাদ সম্মেলনে বাড়িভাড়া ও যাতায়াত খরচের দুশ্চিন্তার কথা বলেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।

পোশাকশ্রমিকদের মজুরি বাড়ানোর পর বাড়িভাড়া বৃদ্ধি ঠেকাতে উদ্যোগ নিচ্ছে সরকার। প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন আজ বৃহস্পতিবার শ্রম ভবনে ন্যূনতম মজুরি নিয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

মাহদী আমিন বলেন, শ্রমিকদের দুটি বড় সমস্যা বাড়িভাড়া ও যাতায়াত খরচ। প্রায়ই দেখা যায়, শ্রমিকদের বেতন বাড়লে তাঁদের বসবাসের এলাকার বাড়িভাড়াও বেড়ে যায়; একইভাবে বাড়ে পরিবহন খরচ। তাঁর ভাষ্য, এ সমস্যা সমাধানে স্থানীয় সরকার মন্ত্রণালয় ইতিমধ্যে সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আলোচনা শুরু করেছে। বেতন বাড়ার সঙ্গে সঙ্গে বাড়িভাড়া বাড়িয়ে দেওয়ার প্রবণতা বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে, বাড়ির মালিকদের সঙ্গেও আলোচনা চলছে। প্রয়োজনে আইন প্রয়োগের বিষয়ও বিবেচনায় রয়েছে বলে জানান তিনি।

একইভাবে হঠাৎ করে বাসভাড়া বাড়িয়ে দেওয়ার প্রবণতা বন্ধ করতে পরিবহন ও সড়ক মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করছে বলে উল্লেখ করেন মাহদী আমিন।

সংবাদ সম্মেলনে উপদেষ্টা আরও বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় মজুরি বোর্ড স্বাধীন ও নিরপেক্ষভাবে শ্রমিক, মালিক ও নিরপেক্ষ প্রতিনিধিদের আলোচনা ও পর্যালোচনার ভিত্তিতে ন্যূনতম মজুরি নির্ধারণ করেছে। অনুষ্ঠানে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী, শ্রমবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শামসুর রহমান শিমুল বিশ্বাস, শ্রমসচিব মো. আব্দুর রহমান তরফদার, নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার ও মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম শামসুজ্জামান উপস্থিত ছিলেন।

এর আগে পোশাকশ্রমিকের সর্বনিম্ন মজুরি ১৭ হাজার টাকা করার প্রস্তাব গৃহীত হয়েছে এবং তা ১ ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা বোর্ড জানিয়েছিল। মজুরি কাঠামো ঘোষণার পর গাজীপুরসহ বিভিন্ন এলাকায় শ্রমিক বিক্ষোভ হয়েছে।